জাহাজের চূড়ায় সিয়াম-পূজার রোম্যান্স!

বিনোদন ডেস্ক- মুক্তি প্রতীক্ষিত সিনেমা শান এর নতুন আরেকটি গান প্রকাশ পেয়েছে ইউটিউবে। গানটির নাম ‘তোর মতো আমাকে’। গেয়েছেন ইমরান ও কনা। এ মিজানের কথায় গানটির সংগীতায়োজন করেছেন আহম্মেদ হুমায়ূন। কোরিওগ্রাফিতে ছিলেন ভারতের জয়েশ প্রধান।

 

এই গানের চিত্র ধারণ করা হয়েছে সমুদ্রে। একটি বিশাল জাহাজের চূড়ায় উঠে রোম্যান্স করেছেন ঢাকাই সিনেমার এ সময়ের ক্রেজ সিয়াম আহমেদ ও পূজা চেরি। তাদেরকে কেন্দ্র করে নান্দনিকভাবে আবর্তিত হয়েছে ক্যামেরার শট। নীল সমুদ্রের মাঝে জাহাজের ওপর তাদের রসায়ন এক মুহূর্তের জন্য যেন ফিরিয়ে নিয়ে যায় ১৯৯৭ সালের ‘টাইটানিক’ সিনেমার স্মৃতিতে।

 

গানটি প্রকাশের পর থেকেই দর্শকদের দারুণ সাড়া পাচ্ছে। মন্তব্যের ঘরে তাকালেই সেটা টের পাওয়া যায়। অনেকেই মন্তব্য করছেন, দেশের সিনেমায় এই সময়ের সুন্দরতম রোম্যান্টিক গান এটি।

 

উল্লেখ্য, ‘শান’ সিনেমার গল্প লিখেছেন আজাদ খান। পরিচালনা করেছেন এম রাহিম। অ্যাকশন-থ্রিলার ধাঁচের সিনেমাটিতে সিয়াম ও পূজা ছাড়া আরও অভিনয় করেছেন তাসকিন, চম্পা, অরুণা বিশ্বাস, হাসান ইমাম, মিশা সওদাগর, নাদের চৌধুরী, ডন, আরমান পারভেজ মুরাদ প্রমুখ। যৌথভাবে এটি প্রযোজনা করেছেন এম আতিকুর রহমান ও আজাদ খান।

 

আগামী ৭ জানুয়ারি দেশব্যাপী মুক্তি পাবে ‘শান’। পরিবেশনায় থাকছে জাজ মাল্টিমিডিয়া। এরই মধ্যে সিনেমাটির আরও একটি রোমান্টিক গান ও ট্রেলার প্রকাশ পেয়েছে। ট্রেলার প্রশংসিত হয়েছে দর্শক মহলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *