বিনোদন ডেস্ক- একঝাঁক শিল্পী দেশ ছেড়ে বিদেশে স্থায়ী হয়েছেন। তাদের কেউ কেউ শীতের পাখি হয়ে দেশে ফেরেন, কিছুদিন বেড়ান-ঘুরেন সুযোগ হলে কাজও করেন। এ তালিকায় আছেন অভিনয়শিল্পী, সংগীতশিল্পী, নৃত্যশিল্পীসহ শোবিজের নানা অঙ্গনের মানুষ। এবার এ তালিকায় নাম লেখাতে চলছেন ঢালিউডের জনপ্রিয় নায়ক শাকিব খান।
অভিনয়শিল্পী হিসেবে ইবি ক্যাটাগরির ভিসার জন্য আবেদন করেছেন শাকিব খান। তার সেই আবেদন গৃহীত হয়েছে। একটি দক্ষ এজেন্সির মাধ্যমে শাকিব খান আবেদনটি করেছেন। যেখানে তার সবকিছু দেখাশোনা করছেন আমেরিকাপ্রবাসী নেপালি এক উকিল। শাকিবের আবেদন সবুজ সংকেত পাওয়ায় এই উকিল প্রত্যাশা করছেন শিগগির তার মক্কেলের হাতে আমেরিকার গ্রিন কার্ড পৌঁছে দিতে পারবেন।
এদিকে, শাকিব খান যুক্তরাষ্ট্রে অবস্থান করার কারণে বিপাকে পড়েছেন ‘গলুই’ সিনেমার নির্মাতা এস এ হক অলিক। কারণ শাকিব সিনেমাটির শুটিং শেষ করলেও, বাকি ছিল ডাবিংয়ের কাজ। প্রযোজক খোরশেদ আলম খসরু চেয়েছিলেন, এটি চলতি মাসেই মুক্তি দিতে। কিন্তু শাকিব খান ১৬ তম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসে অংশ নিয়ে ১২ নভেম্বর যুক্তরাষ্ট্রে যান।সেসময় নভেম্বর মাসেই তার দেশে ফেরার কথা ছিল। কিন্তু শাকিব এখনো দেশে না ফেরায় বিপাকে পড়েছেন অন্য নির্মাতারাও। কারণ তার হাতে থাকা বেশ কিছু সিনেমার কাজ এখন অনিশ্চয়তার মধ্যে। শাকিবের এই দীর্ঘ সফর নিয়ে চলচ্চিত্রাঙ্গনে চলছে আলোচনা-সমালোচনা।
গলুই’র প্রযোজক খোরশেদ আলম খসরু দেশের একটি গণমাধ্যমকে দেওয়ার এক সাক্ষাৎকারে বলেন, ‘আমেরিকার একটি শোতে অংশ নিয়ে তার দ্রুত দেশে ফেরার কথা ছিল। কিন্তু সেখানে থাকার জন্য তাকে কেউ না কেউ অনুপ্রাণিত করেছে। তাই সে দেশে ফিরতে সময় নিচ্ছে। আমাদের সিনেমা চলতি মাসেই মুক্তি দিতে চেয়েছিলাম। তাই বাধ্য হয়ে তার অংশের ডাবিং নিতে আমেরিকাতেই নির্মাতাকে পাঠাতে হয়েছে। এই খরচটা আমাদের জন্য বাড়তি।’
শাকিব খান যুক্তরাষ্ট্রে যাওয়াতে যে, আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে চলচ্চিত্রপাড়ায়। এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বরেণ্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টুও। তার ভাষ্য, ‘অল্প পানির মাছ বেশি পানিতে গেলে যা হয়। তারা নিজেকে অনেক বেশি কিছু মনে করেন। কাজ ফেলে ও (শাকিব খান) বিদেশ যাবে কেন, ও বললেই হবে?’
ক্ষোভ নিয়ে বর্ষীয়ান এই নির্মাতা বলেন, ‘ও (শাকিব খান) কাজ আটকে রেখে অন্য অনুষ্ঠানে অংশ নিতে দেশের বাইরে ঘুরতে যায়, কাউকে কিছু না বলেই। কত বড় সাহস, ডাবিং ছাড়া না বলে চলে যাওয়া। ও কেন বেড়াতে যাবে কাজ ফেলে। থাপ্পড়ে ওর দাঁত ফেলে দেওয়া উচিত! ওকে এফডিসিতে ঢোকার আগে ঘেরাও করে পে’টা’নো উচিত! প্রোডাকশন বয়দের দিয়ে।’
শাকিব খানের ভয়েস নিতে চলতি মাসের ১০ তারিখ যুক্তরাষ্ট্রে ছুটে যান গলুই সিনেমার পরিচালক অলিক। আর ১১ তারিখ থেকে সেখানকার একটি স্টুডিওতে এর কাজ শুরু হয়।
সেসময় নির্মাতা অলিক বলেন, ‘বিজয় দিবস উপলক্ষে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছিলাম। নভেম্বরের শেষ দিকে শাকিবের দেশে ফেরার কথা ছিল। কিন্তু তিনি না ফেরায় আমাকেই আসতে হলো আমেরিকায়। যদি এ সপ্তাহে ডাবিং শেষ করতে পারি, তাহলে আগামী সপ্তাহেই ছবিটি সেন্সরে জমা দেব। ছাড়পত্র পেলে যত দ্রুত সম্ভব মুক্তি দেব।’
গলুই সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন পূজা চেরি। এতে পূজাকে দেখা যাবে মালা চরিত্রে আর শাকিব অভিনয় করেছেন লালুর ভূমিকায়। সরকারি অনুদান পাওয়া সিনেমাটি প্রযোজনা করছেন খোরশেদ আলম খসরু। সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন আজিজুল হাকিম, সৌম চৌধুরী, আলী রাজ প্রমুখ।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য বেশ কয়েকবার ভিসার আবেদন করেছিলেন শাকিব খান। কিন্তু একবারও তা গৃহীত হয়নি। অবশেষে গত নভেম্বরে দেশটির ভিসা পান তিনি। এরপর ১২ নভেম্বর উড়াল দেন। বাইডেনের দেশে গিয়ে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ও ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন শাকিব।
