Home প্রধান খবর ধানমন্ডিতে দলীয় সভায় না গিয়ে কবরস্থানে কাঁদলেন শামীম ওসমান

ধানমন্ডিতে দলীয় সভায় না গিয়ে কবরস্থানে কাঁদলেন শামীম ওসমান

0
169

নজর২৪ ডেস্ক- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে ঢাকা বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর নেতাদের বৈঠকে আসেননি আওয়ামী লীগ নেতা শামীম ওসমান এমপি। তবে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে অনেকেরই নজর ছিল শামিম ওসমানের দিকে। কিন্তু শেষ পর্যন্ত তিনি সেই বৈঠকে আসেননি। দলীয় বৈঠকে না গেলেও সে সময়ে তিনি ছিলেন তার প্রয়াত বাবা মা আর ভাইয়ের কবরে।

 

সোমবার দুপুরে ধানমন্ডি দলীয় সভানেত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ দলীয় প্রার্থী সেলিনা হায়াত আইভী। সেখানে কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতাদের পাশাপাশি উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ নজরুল ইসলাম বাবু, সাবেক নারী আসনের সংসদ সদস্য হোসনে আরা বাবলী।

 

বৈঠকে উপস্থিত মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা জানিয়েছেন, মূলত নাসিক নির্বাচনে নৌকার প্রার্থী সেলিনা হায়াত আইভীর জন্য দলীয় নেতাকর্মীদের দিক নির্দেশনা দিতেই সেই সভা ডাকা হয়েছিল। সেখানে ঢাকা বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতারা ছিলেন। তবে মহানগর আওয়ামীলীগের সদস্য শামীম ওসমান সেখানে আসেননি।

 

ঢাকায় বৈঠক চলাকালে শামীম ওসমান নারায়ণগঞ্জেই ছিলেন। তিনি দুপুরের পর মাসদাইর কবরস্থানে ছিলেন এবং সেখানে প্রায় ১ ঘণ্টা তার প্রয়াত বাবা, মা, ভাইসহ মৃত স্বজনদের কবর জিয়ারত ও দোয়া করেছেন।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালের আগেই শামীম ওসমান একটি রিকশায় চড়ে একাই কবরস্থানে আসেন। সেখানে তিনি তার দাদা প্রয়াত ভাষা সৈনিক খান সাহেব ওসমান আলী, বাবা প্রয়াত মুক্তিযুদ্ধের সংগঠক ও ভাষা সৈনিক একেএম সামসুজ্জোহা, ভাষা সৈনিক ম নাগিনা জোহা, বড় ভাই প্রয়াত বীর মুক্তিযোদ্ধা একেএম নাসিম ওসমানের কবরের সামনে দীর্ঘক্ষণ দোয়া করেছেন। এ সময় তিনি ডুকরে ডুকরে কেঁদেছেন বলেও প্রত্যক্ষদর্শীরা জানান।

 

ঢাকায় বৈঠকে থাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল বলেন, ওই সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। আমাদের দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রেখেছেন। সভায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা ভার্চুয়ালি অংশ নেন।

 

এ ব্যাপার শামীম ওসমানের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here