স্বামীকে নিয়ে ওমরাহ করতে গেলেন অভিনেত্রী সানা খান

বিনোদন ডেস্ক- সাবেক বলিউড অভিনেত্রী সানা খান। গ্ল্যামার জগৎ থেকে বিদায় নিলেও সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় সানা। যেখানে দাম্পত্য জীবন থেকে শুরু করে ব্যবসা সবকিছুরই আপডেট ভক্তদের সঙ্গে শেয়ার করে থাকেন ৩৩ বছর বয়সী এই তারকা।

 

এরই ধারাবাহিকতায় শনিবার (১৮ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্বামীর সঙ্গে তোলা কয়েকটি ছবি শেয়ার করে সানা খান জানালেন স্বামীর সঙ্গে ওমরাহ পালন করতে যাচ্ছেন তিনি।

 

সানা খানের শেয়ার করা ছবিগুলোতে দেখা যাচ্ছে, স্বামী-স্ত্রী দু’জনেই সাদা রঙের পোশাক পরে বিমানের মধ্যে বসে রয়েছেন।

 

ছবিগুলোর ক্যাপশনে সানা খান লিখেছেন, “ওমরাহ। কি যে মজার সময় হবে। কি মজার মুহূর্ত হবে এটি। বিয়ের পর আমাদের জীবনের সবচেয়ে সুন্দর যাত্রা এটি।”

 

উল্লেখ্য, ১৫ বছরের সুদীর্ঘ ক্যারিয়ারের ইতি টেনে বলিউড অভিনেত্রী সানা খান জানিয়েছিলেন, অসহায়ের পাশে দাঁড়িয়ে ইসলামের পথে চলতে চান। এই ঘোষণার মাস না গড়াতেই গেল বছরের ২১ নভেম্বর বিয়ের পিঁড়িতে বসেন সাবেক এই বলিউড অভিনেত্রী। পাত্র ভারতের গুজরাটের সুরাটের বাসিন্দা মুফতি আনাস সায়েদ। এর পর ধর্মে মন দিয়েছেন সাবেক এই অভিনেত্রী।

 

ক্যারিয়ারে হিন্দি, মালয়ালাম, তামিল, কন্নড় ও তেলেগু ভাষার সিনেমায় দেখা গেছে সানা খানকে। এ ছাড়া বিজ্ঞাপন ও রিয়েলিটি শোতে দেখা যায় তাঁকে। পাঁচ ভাষার সিনেমায় অভিনয় করেছেন সানা। ২০১২ সালে জনপ্রিয় ও বিতর্কিত টিভি রিয়েলিটি শো বিগ বসের প্রতিযোগী ছিলেন সানা এবং চূড়ান্ত পর্বে উঠেছিলেন।

 

২০০৫ সালে ‘ইয়ে হ্যায় হাই সোসাইটি’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হয় সানা খানের। এর পর বলিউডে ‘হাল্লা বোল’, ‘জয় হো’, ‘ওয়াজা তুম হো’ ও ‘টয়লেট : এক প্রেম কথা’র মতো সিনেমা করেন। রিয়েলিটি শো বিগ বসের পাশাপাশি ‘ফেয়ার ফ্যাক্টর : খাতরোঁ কে খিলাড়ি’র ষষ্ঠ মৌসুমে অংশ নিয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *