খালেদা জিয়া প্রথম নারী মুক্তিযোদ্ধা, দাবি মির্জা ফখরুলের

নজর২৪, ঢাকা- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ বলে সমালোচনায় পড়া দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবার চেয়ারপারসন খালেদা জিয়াকে প্রথম নারী মুক্তিযোদ্ধা বলে দাবি করেছেন।

 

রাজধানীর নয়াপল্টনে রোববার (১৯ ডিসেম্বর) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের বিজয় র‌্যালি উদ্বোধনের পর দেয়া বক্তব্যে তিনি এমন দাবি করেন।

 

‘আমরা ভারাক্রান্ত মনে বিজয় শোভাযাত্রা করছি, যখন একাত্তরের প্রথম মহিলা মুক্তিযোদ্ধা, দেশের সাবেক নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন’, বলেন ফখরুল।

 

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশনেত্রী খালেদা জিয়া এই সরকারের মিথ্যা মামলায় কারাগারে আটক অবস্থায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে হাসপাতালে। আমরা এমন একটি সময় এই বিজয় র‌্যালি করছি। তাই এই র‌্যালি আমাদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

 

তিনি বলেন, আমরা স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে যে রাষ্ট্র অর্জন করেছিলাম তার লক্ষ্য ছিল একটি নিরাপদ রাষ্ট্র পাব। আমরা কথা বলার অধিকার পাব, রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকার পাব। কিন্তু এই সরকার একটি বাকশালি রাষ্ট্র কায়েমের লক্ষ্যে এদেশের জনগণকে জিম্মি করে ক্ষমতার চেপে বসে আছে।

 

বিএনপির মহাসচিব বলেন, এই সরকার আমাদের সকল অধিকারগুলোকে ধ্বংস করে দিয়েছে। রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে মানুষের সকল অধিকারগুলোকে কেড়ে নিয়েছে।

 

এ সময় তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেন।

 

দুপুর ২টায় র‌্যালি শুরু হওয়ার কথা থাকলেও বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হয়। দুপুর দেড়টার মধ্যেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে একদিকে নাইটিঙ্গেল মোড় অন্যদিকে ফকিলাপুল মোড় পর্যন্ত বিএনপি নেতাকর্মী দিয়ে ভরে যায়।

 

বিজয় র‌্যালিতে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আহমেদ আযম খান, মহানগর উত্তরের সভাপতি আমানউল্লাহ আমান, দক্ষিণের সভাপতি আব্দুস সালাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *