সিআইপি নির্বাচিত হলেন টাঙ্গাইলের আলমগীর জলিল

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: রাশিয়া প্রবাসী টাঙ্গাইল জেলার ইঞ্জিনিয়ার আলমগীর জলিল সিআইপি হিসেবে নির্বাচিত হয়েছেন। বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসী বাংলাদেশিদের ‘সিআইপি’ হিসেবে নির্বাচিত করে সরকার।

 

শনিবার (১৮ ডিসেম্বর) ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক অভিবাসী দিবসের অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ এমপির সভাপতিত্বে প্রধান অতিথি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী এ.কে. আব্দুল মোমেন এমপির কাছ থেকে প্রবাসী সিআইপি সনদ গ্রহণ করেন আলমগীর জলিল।

 

জলিল টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার বহরিয়া ইউনিয়নের বুধিরপাড়া গ্রামের মৃত সামাদ মাষ্টারের ছেলে বলে জানা গেছে।

 

জানা যায়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে ৩টি আলাদা ক্যাটাগরিতে নির্বাচিত এনআরবি-সিআইপি তালিকা প্রকাশ করেন। এতে বৈধ চ্যানেলে বাংলাদেশে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী ক্যাটাগরিতে রাশিয়া প্রবাসী ইঞ্জিনিয়ার আলমগীর জলিল নির্বাচিত হন।

 

অ্যাসোসিয়েশন অব গ্রাজুয়েটস আ্যান্ড ফ্রেন্ডস পিপলসের ‘কাউন্সিল চেয়ারম্যান’ এবং সাব অ্যান্ড ফ্রেন্ডস অব রাশিয়ার সভাপতি জলিল। করোনাকালে সব ধরনের সহায়তা নিয়ে রাশিয়া প্রবাসী বাংলাদেশের পাশে ছিলেন তিনি।

 

প্রতি বছর বাংলাদেশি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, ডিপ্লোমা পাওয়াদের সম্মাননা দিয়ে থাকেন। বাংলাদেশ-রাশিয়া সম্পর্ক শক্তিশালী করতে সাংস্কৃতিক বন্ধন বাড়াতে রুশ-বাংলা কনসার্ট করেন এই সিআইপি।

 

এছাড়াও এনআরবি সিআইপি উড়োজাহাজ, রেল, সড়ক ও জলযানে আসন সংরক্ষণে অগ্রাধিকার পাবেন। বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ও স্পেশাল হ্যান্ডলিংয়ের সুবিধা পাবেন এবং স্ত্রী সন্তানসহ চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে কেবিন সুবিধা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। প্রবাসী সিআইপিরা বাংলাদেশে বিনিয়োগ করলে বিদেশি বিনিয়োগকারীদের মতোই সুযোগ-সুবিধাও পাবেন।

 

নবনির্বাচিত সিআইপি আলমগীর জলিল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা , পররাষ্ট্র মন্ত্রী এ.কে. আব্দুল মোমেন, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, রাশিয়ার নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল আহসানসহ দূতালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানাই। সকলেই দোয়া করবেন যেন সবসময় দেশের মানুষের কল্যাণে কাজ করতে পারি।

 

এদিকে আলমগীর জলিল সিঅআইপি নির্বাচিত হওয়াতে মির্জাপুর সাংবাদিক সংস্থার সভাপতি মাজহারুল ইসলাম শিপলু ও সাধারণ সম্পাদক মো. জোবায়ের হোসেন তাকে অভিনন্দন জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *