নির্বাচন নিয়ে অবশেষে মুখ খুললেন মিশা সওদাগর

বিনোদন ডেস্ক- বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির চলতি কমিটির মেয়াদ শেষ হয়েছে গত ৩০ অক্টোবর। সমিতির গঠনতন্ত্রের ৮ অনুচ্ছেদের (চ) ধারা অনুসারে মেয়াদ শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা।

 

সেই হিসেবে আগামী জানুয়ারির মধ্যে সংগঠনটির নির্বাচন করতে হবে। আগামী ৭ জানুয়ারি সমিতির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিনই নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। তফসিল ঘোষণার ১৫ দিনের মধ্যে নির্বাচন হওয়ার কথা।

 

এদিকে দিনক্ষণ ঠিক না হলেও নির্বাচন নিয়ে তোড়জোড় শুরু হয়ে গেছে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন ২০২১-২০২৩ মেয়াদি নির্বাচনে লড়তে ভেতরে-ভেতরে একাধিক প্যানেল গঠনের প্রস্তুতি চলছে।

 

এ বিষয়ে চলতি কমিটির সভাপতি অভিনেতা মিশা সওদাগর অবশেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন।

 

শোনা যাচ্ছে, শিল্পী সমিতির নির্বাচনে নতুন প্যানেল গড়তে যাচ্ছেন। এর সত্যতা কতটুকু? মিশা বলেন, না, বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। আমি খুব কৃতজ্ঞতা পরায়ণ একজন মানুষ। আমার বর্তমান কমিটির ২০ জন নাবিক আমাকে যে সহযোগিতা করেছেন এবং আমাদের সদস্য তাদের ভালোবাসা, সমর্থন দিয়ে আমাদের নির্বাচিত করেছেন সেটা ভোলার নয়। এমন কোনো কারণে নেই, যাতে এই প্যানেলের বাইরে গিয়ে নির্বাচন করবো। নির্বাচন করলে বর্তমান প্যানেল থেকেই করব। না করলে কোনো প্যানেলেই করব না।

 

নিপূণের সঙ্গে আপনার সম্পর্ক ভালো ছিল। কিন্তু তিনিও আলাদা প্যানেল গড়ছেন। বিষয়টি কীভাবে দেখছেন। মিশা সওদাগর বলেন, একজনের সঙ্গে ভালো সম্পর্ক থাকলেই যে একই প্যানেলে নির্বাচন করবে বিষয়টি তেমন না। এটা একটা অলাভজনক প্রতিষ্ঠান। এখানে যেকোনো পূর্ণ সদস্য সেবা করার জন্য নির্বাচন করতেই পারে। এটাকে সাধুবাদ জানাই। সদস্যরা যাকে সম্মান দেবে সে-ই সেবা করবে। আমরা তো একটি পরিবার। এখানে সম্পর্ক ভালো খারাপ বলে কিছু নেই।

 

পরীমনির সদস্যপদ স্হগিত করেছিলেন। এবার ইমনও অসহযোগিতার অভিযোগ আনলেন শিল্পী সমিতির বিরুদ্ধে। এই অভিযোগগুলো নিয়ে কী বলবেন? তিনি বলেন, আমি আমেরিকা থেকে ফিরেই ১০ তারিখ ইমনকে কল করেছিলাম। এমনকি তাকে এসএমএসও করেছি। বলেছি, শিল্পী সমিতি তার পাশে সবসময় থাকবে। এসএমএসের উত্তর না পাওয়ায় তাকে কল করে বলেছি, যেকোনো প্রয়োজন হলে আমাকে বলবি। শিল্পী সমিতি তোর পাশে আছে। তারপরও কেন ও অভিযোগ করেছে তা আমার বোধগম্য না।

 

বর্তমান কাজের ব্যস্ততা নিয়ে মিশা সওদাগর বলেন, ‘কুস্তিগির’, ‘মাফিয়া’, ‘আগুন’, ‘রিভেন্স’ ‘মাফিয়া রানি’, ‘বাজিগর’, ‘আকবর’, ‘প্রেম প্রীতি বন্ধন’, ‘লিডার: আমিই বাংলাদেশ’সহ বেশ কয়েকটি ছবির কাজ হাতে রয়েছে। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে, ‘শান’, ‘বিদ্রোহী’, ‘দিন: দ্য ডে’, ‘বাহাদুর’, ‘অমানুষ’ ছবিগুলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *