অবশেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাকিস্তান সফর বাতিল

নজর২৪, ঢাকা- পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপির পাকিস্তান সফর বাতিল করা হয়েছে। আজ শনিবার দুপুরে এমিরেটস এয়ারওয়েজের নিয়মিত ফ্লাইটে দুবাই হয়ে তার ইসলামাবাদ যাওয়ার কথা ছিল।

 

শনিবার সন্ধ্যায় প্রতিমন্ত্রী নিজেই তার সফর বাতিলের কথা নিশ্চিত করেন। এক বার্তায় তিনি লিখেন- ‘কোভিড আক্রান্ত এক ব্যক্তির সংস্পর্শে আসায় ১৫ই ডিসেম্বর থেকে আমি আইসোলেশনে আছি। ৭২ ঘন্টার আইসোলেশন শেষ না হওয়ায় পাকিস্তান যেতে পারছি না। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন (ইসলামাবাদ সফররত) বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

 

প্রায় দেড় যুগ পর বাংলাদেশের মন্ত্রী পর্যায়ের কোনো প্রতিনিধির পকিস্তান যাত্রা নিয়ে রাজনৈতিক এবং কূটনৈতিক অঙ্গনে চলা আলোচনার মধ্যেই ওই সফর বাতিলের খবর এলো। ইসলামবাদে আজ থেকে শুরু হওয়া ওআইসির জরুরি সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে প্রতিমন্ত্রীর যাওয়ার কথা ছিল। কাল ওই সম্মেলনে মন্ত্রী পর্যায়ের বৈঠক রয়েছে।

 

সর্বশেষ ২০১২ সালে পাকিস্তানে অনুষ্ঠিত ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। এর আগে ২০১০ সালে দ্বিপক্ষীয় পঞ্চম পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে যোগ দিতে পাকিস্তান যান তৎকালীন পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *