বিনোদন ডেস্ক- বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে সিয়াম আহমেদ ও নোভা ফিরোজ জুটির প্রথম সিনেমা ‘মৃধা বনাম মৃধা’। রায়হান খানের সংলাপ ও চিত্রনাট্যে ছবিটি পরিচালনা করেছেন অসংখ্য বিজ্ঞাপন নির্মাণ করে হাত পাকানো রনি ভৌমিক।
চলতি বছরের ফেব্রুয়ারিতে শুরু হয়ে আগস্টে শেষ হয় এ ছবির শুটিং। ছবির পোস্ট প্রোডাকশনের কাজ করা হয়েছে বাংলাদেশ, ভারত (কলকাতা ও চেন্নাই) ও যুক্তরাষ্ট্রে।
সেন্সর সনদ হাতে পাওয়ার পর নির্মাতা রনি ভৌমিক বেশ আনন্দিত। তিনি তার সিনেমা সবাইকে দেখাতে চান জানিয়ে বলেন, ‘সেন্সর সনদ হাতে পেলাম। আনকাট ছাড়পত্র পেয়েছি। তবে সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটির ভূয়সী প্রশংসা করেছেন এটা শুনে খুব ভালো লাগছে। সেন্সর বোর্ড থেকে ছবির নায়ক সিয়ামকে ফোন করে শুভকামনা জানিয়েছেন তারা।’
বাংলাদেশ সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, ‘ছবিটি দেখার পর সেন্সর বোর্ডের সব সদস্যই অনেক প্রশংসা করেছেন। খুব ভালো একটি গল্প ও কিছু চরিত্র আছে ছবিটিতে। আজ সোমবার দুপুরে পরিচালকের হাতে সেন্সর সনদ তুলে দেওয়া হয়েছে। তার ও তার টিমের জন্য শুভকামনা।’
এই ছবিতে সিয়াম-নোভা ছাড়াও অভিনয় করেছেন তারিক আনাম খান, নিমা রহমান, সানজিদা প্রীতি, তৌফিকুল ইসলাম ইমন প্রমুখ।
সিয়াম আহমেদ বলেন, ‘আমি নিজে ছবিটি নিয়ে অনেক বেশি এক্সাইটেড। একটি পরিবারের গল্পের মধ্য দিয়ে বাবা-ছেলের সম্পর্ক এবং আরও অনেক বিষয় দর্শকরা দেখতে পাবে এখানে, যেগুলো তারা নিজেদের সঙ্গে কানেক্ট করতে পারবে। মনে হবে যেন, এ তো আমারই গল্প!’
অন্যদিকে নোভা ফিরোজ বলেন, আমার কাছে মনে হয়, দর্শক যখন কোনো গল্পের সঙ্গে নিজেকে মেলাতে পারে তখনই তার কাছে সেটা বেশি ভালো লাগে। এই ছবিটাও ঠিক তেমনই, সবাই নিজেদের সঙ্গে কোথাও না কোথাও মিল খুঁজে পাবেন।
টোস্টার প্রোডাকশন প্রযোজিত এ সিনেমাতে সিয়াম-নোভা ছাড়াও আরও অভিনয় করেছেন সানজীদা প্রীতি, তারিক আনাম খান প্রমুখ।
শিগগির ছবিটি মুক্তির তারিখ আনুষ্ঠানিকভাবে জানাবেন পরিচালক রনি।
