নজর২৪, ঢাকা- শীত ও কুয়াশা উপেক্ষা করে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে। যথাযথ মর্যাদায় স্মরণ করা হচ্ছে জাতির বরেণ্য সন্তানদের।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে বুদ্ধিজীবী স্মৃতি সৌধে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর শ্রদ্ধা নিবেদন করা হয় স্পিকার শিরীন শারমিন চৌধুরী এবং বিভিন্ন মন্ত্রণালয়ের পক্ষ থেকে।
বুদ্ধিজীবীদের স্মরণে স্মৃতিশোধে ভিড় জমায় আওয়ামী লীগ ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি দল এবং বিভিন্ন শেণি-পেশার মানুষ।
১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তার দোসর রাজাকার আল-বদর, আল-শামস পরিকল্পিতভাবে বাংলার বুদ্ধিজীবীদের হ ত্যা করে।
বুদ্ধিজীবীদের হ ত্যার মাত্র দুই দিন পর ১৬ ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বাধীন বর্বর পাকিস্তানী বাহিনী আত্মসমর্পণ করে এবং স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।
দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে দিনব্যাপী জাতীয় কর্মসূচি গ্রহণ করা হয়েছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
