নজর২৪, ঢাকা- আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডি প্রধান কার্যালয় থেকে প্রতিষ্ঠানটির আসবাব, অফিশিয়াল নথি ও বেশ কিছু পণ্য চুরির ঘটনায় দায়ের করা মামলায় একজন গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তারকৃত ব্যক্তি ওই ভবনের মালিক সালাহউদ্দিন।
বুধবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় তাকে ধানমন্ডি ১১/এ নম্বর রোড থেকে গ্রেপ্তার করা হয়।
ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকরাম আলী মিয়া বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মো. রাসেল ও তার স্ত্রী এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনের গ্রেপ্তারের পর তাদের ধানমন্ডি কার্যালয়ে চুরির ঘটনা ঘটে। পরে এ বিষয়ে একটি মামলা হয় ইভ্যালির ধানমন্ডি কার্যালয়ের ভবনমালিক সালাহউদ্দিনের বিরুদ্ধে। ওই মামলায় তাকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার পরিদর্শক (অপারেশন) রবিউল ইসলাম জানান, গত ১২ অক্টোবর হাইকোর্ট ইভ্যালির বিরুদ্ধে ওঠা প্রতারণার অভিযোগ ও পরিচালনার নিয়ম পর্যালোচনা করতে সাবেক একজন বিচারপতির নেতৃত্বে একটি বোর্ড গঠন করেন।
তিনি জানান, ওই বোর্ডের সদস্য অতিরিক্ত সচিব মাহবুব কবির বাদী হয়ে ইভ্যালির মালামাল ও আসবাব চুরি করার অভিযোগে বাড়ির মালিক সালাহউদ্দিনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলা করেন। মামলায় তাকেই একমাত্র আসামি করা হয়।
