বিনোদন ডেস্ক- ভারতের জনপ্রিয় টেলিভিশন রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল’। এবারের সিজনে বিজয়ী হয়েছেন উত্তরাখণ্ডের পবনদীপ রাজন। ফার্স্ট রানারআপ হয়েছেন কলকাতার অরুণিতা কাঞ্জিলাল।
ইন্ডিয়ান আইডলের ১২তম আসরের পুরো সিজনজুড়ে দারুণ আলোচনায় ছিলেন পবনদীপ ও অরুণিতা। ব্যক্তিগত জীবনে তারা প্রেম করছেন— এমন গুঞ্জনের কারণেও বার বার আলোচনায় উঠে এসেছেন এই জুটি। যদিও এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন দুজনেই। তাদের ভাষায়—‘আমরা খুব ভালো বন্ধু।’
কয়েকদিন আগে এই ‘প্রেমিক যুগল’ উড়ে গেছেন কানাডায়। সেখানে কয়েকটি শোয়ে অংশ নিতেই তাদের সফর। শোয়ের পাশাপাশি পবনদীপ-অরুণিতা বরফের দেশ কানাডা ঘুরে বেড়াচ্ছেন তারা। তার কিছু স্থিরচিত্র ও ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
একটি ভিডিওতে দেখা যায়, রাস্তার পাশে দাঁড়িয়ে আছে সুরম্য অট্টালিকা। পিচঢাল পথ ধরে ছুটে যাচ্ছে গাড়ি। অঝরো ঝরছে তুষার। ফুটপাতে জমা হওয়া তুষারের উপর দাঁড়িয়ে আছেন অরুণিতা-পবন। কিছুক্ষণ পর একটি হিন্দি গান কণ্ঠে তুলেন পবনদীপ। এর সঙ্গে কণ্ঠ মেলান অরুণিতাও। কিছু সময় পর পবনের গানের তালে নাচতে থাকেন অরুণিতা। নাচ আর গানের ফাঁকে অরুণিতা-পবনের রোমান্টিক দৃষ্টিবিনিময় নজর কেড়েছে নেটিজেনদের।
প্রিয় এই জুটিকে একসঙ্গে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তাদের ভক্ত-অনুরাগীরা। মন্তব্য করে বার বার তাদের প্রেমের সম্পর্কের কথাই মনে করিয়ে দিচ্ছেন তারা। পাশাপাশি তাদের জন্য শুভকামনাও জানিয়েছেন।
প্রসঙ্গত, ইন্ডিয়ান আইডলের সময় থেকেই তাঁদের প্রেম নিয়ে চর্চা। যদিও শো শেষ হওয়ার পর দু’জনেই এই সম্পর্ককে বন্ধুত্বের নাম দেওয়ার চেষ্টা চালিয়েছিলেন। তবে, যেভাবে একে-অপরের সাথে সবসময় থাকেন তাতে বন্ধুত্ব মেনে নেওয়া একটু কষ্ট বইকি
