বিনোদন ডেস্ক- টলিউডের পরিচিত মুখ শ্রাবন্তী চ্যাটার্জি-ওম সাহানি। তারা দুজনেই বাংলাদেশি সিনেমায়ও অভিনয় করেছেন। এর আগে কলকাতার ‘হুল্লোড়’ সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন। এবার জুটি বেঁধে পর্দায় হাজির হতে যাচ্ছেন এই যুগল।
অয়ন দে পরিচালিত ‘ভয় পেয়ো না’ সিনেমায় দেখা যাবে তাদের। সিনেমাটির মুখ্য চরিত্রে স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে তাদের। তমসা আর ডা. সুশান্তকে ঘিরে এগিয়ে যাবে এই হরর থ্রিলারটি।
ছবিতে দেখা যাবে, বিয়ের পরে সুশান্তের মা বহ্নিশিখার সঙ্গে তমসার সম্পর্ক চরম তিক্ত হয়ে ওঠে। ভয় দেখিয়ে বাড়ি থেকে তাড়ানোর চক্রান্ত চলে তমসার বিরুদ্ধে। তার রেশ ধরেই উন্মোচিত হয় আর এক রহস্যের।
তমসার চরিত্রটি নিয়ে শ্রাবন্তী বললেন, ‘খুব সাধারণ চরিত্র মনে হলেও শেষে গিয়ে একটা দারুণ চমক আছে। গল্পটা প্রথমবার শুনে আমিও চমকে গিয়েছিলাম। ওম সাহানি আর ওর স্ত্রী মিমি আমার খুব ভালো বন্ধু। এই প্রথম ওমের সঙ্গে জুটি বাঁধব ভেবেই ভালো লাগছে। ও খুবই প্রমিসিং।’
শ্রাবন্তীর সঙ্গে এর আগে ‘হুল্লোড়’ ছবিতে কাজ করেছেন ওম। তবে জুটি হিসেবে এটা প্রথম কাজ বলে একটা আলাদা ভালো লাগা রয়েছে শ্রাবন্তীর। নায়িকা বলেন, ‘সামনেই মিমির সঙ্গে আর একটা হরর ছবিতে কাজ করছি। তারপর ‘ভয় পেয়ো না’র কাজ শুরু হবে।’
