বিনোদন ডেস্ক- বেশ কয়েকবার বিতর্কিত মন্তব্য করে দেশজুড়ে সমালোচনার মুখে পড়েন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান। সর্বশেষ সামাজিক যোগাযোগমাধ্যমে তার সঙ্গে চিত্রনায়ক ইমন ও চিত্রনায়িকা মাহিয়া মাহির ফোনালাপ ফাঁস হয়। সেখানে তিনি মাহিকে দ্রুত দেখা করতে বলে ধ র্ষ ণের হুমকি ও আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে তুলে নিয়ে আসার ধমকি দেন।
অশালীন ও শিষ্টাচারবহির্ভূত বক্তব্যের জন্য প্রধানমন্ত্রী তাকে প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন। সেই প্রেক্ষিতে ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে মন্ত্রিসভা থেকে আজ (৭ ডিসেম্বর) পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।
এদিকে পদ হারাচ্ছেন ডা. মুরাদ হাসান এ খবর ছড়িয়ে পড়লে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তার আরও কিছু ভিডিও। যেখানে তাকে অশ্লীল গালাগালি ও অশোভন মন্তব্য করতে দেখা গেছে।
পাশাপাশি আলোচনায় উঠে আসছে অতীতে তার নানা বিতর্কিত কর্মকাণ্ড। যেখানে রয়েছে ঢালিউডের দুই জনপ্রিয় অভিনয়শিল্পীকে নিয়েও মানহানিকর মন্তব্য।
গত অক্টোবরের শেষ সপ্তাহে পরিচালক সোহানুর রহমান সোহানের নতুন ছবি ‘স্বপ্নের রাজকুমার’ মহরত অনুষ্ঠিত হয়। এতে অতিথি ছিলেন ডা. মুরাদ হাসান। বক্তব্যে তিনি বলেন, ‘কেয়ামত থেকে কেয়ামত’ অসাধারণ একটি ছবি। সুপার-ডুপার হিট। মৌসুমী এখনও অভিনয় করছেন। সবই ভালো, শুধু ওয়েটটা কমাতে হবে। ফিল্মে যারা অভিনয় করবেন, তাদের কাছে হাতজোড় করে অনুরোধ করছি, ওয়েটটার দিকে নজর রাখবেন।’
এছাড়া গত ৩০ নভেম্বর ‘ময়ূরাক্ষী’ ছবির মহরতে বলেন, ‘এর আগে মৌসুমীকে নিয়ে কথা বলেছিলাম। অনেকেই মাইন্ড করেছেন। মৌসুমীকে টার্গেট করে বলেছি, তা তো নয়। আমি সবাইকে বলেছি। একজন নায়িকার ওয়েট কন্ট্রোল করতে হবে। নায়িকার ভূমিকায় কেউ যদি এমন ‘মোটাসোটা’ হয়, এতে বাংলাদেশের মর্যাদা ক্ষুণ্ণ হয়।’
সেখানে তিনি আদর্শ ফিগার হিসেবে ঐশ্বরিয়া রাই, ক্যাটরিনা কাইফ, কারিনা কাপুরদের নাম উল্লেখ করেন।
এদিকে আরেকটি সংবাদ সম্মেলনে ঢালিউডের সবচেয়ে জনপ্রিয় নায়ক শাকিব খানকে নিয়েও আপত্তিকর মন্তব্য করেছেন ডা. মুরাদ। একটি সংবাদ সম্মেলনে মুরাদ হাসান বলেছেন, শাকিব খান তেলাপোকার মতো অভিনয় করেন!
শাকিব খানকে নিয়ে যেদিন মানহানিকর বক্তব্য দেন, সেদিন তিনি বলেছিলেন, ‘আমাদের দেশে কিন্তু ভালো ছবি খুবই কম নির্মাণ হচ্ছে। একটু আগে আমি সোহান ভাইকে বললাম, শাকিবকে দেখলে অনেক সময় আমি দুষ্টামি করে বলি, এই, তুই তো অভিনয় জানোস না। তুই তো শুধু লাফাস।’
সেই অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রীর দাবি ছিল, শাকিব তাঁকে বলেছেন, এসব বলে তিনি যেন তাঁর মার্কেটটা নষ্ট না করেন। এরপর তিনি বলেছেন, বিষয়টা হলো যে এটা মার্কেট খাওয়ার ব্যাপার না। সিনেমা যদি কেউ দেখে, তার মধ্যে উপজীব্য কিছু যদি না থাকে, স্টোরি, কাহিনি না থাকে, তো তুমি শুধু লাফাইতেছ, নাচতেছ, গান গাইতেছ তেলাপোকার মতো—এটা তো উপভোগ করার চেয়ে পেইন লাগে। এই যে পেইন, এটা থেকে মুক্ত হতে চাই।’
তবে উল্লেখ করতে হয়, মৌসুমী ও শাকিব খানকে নিয়ে তথ্য প্রতিমন্ত্রীর আপত্তিকর মন্তব্যে বিনোদন অঙ্গনের কোনো তারকাকে প্রতিবাদ করতে দেখা যায়নি!
