অজ্ঞাত ফোনকল, আবার ডিবি কার্যালয়ে নায়ক ইমন

বিনোদন ডেস্ক- তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের সঙ্গে চিত্রনায়ক ইমন ও নায়িকা মাহিয়া মাহির কথোপকথনের একটি কল রেকর্ড ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

 

অডিও ক্লিপটিতে শোনা যায়, মাহিকে তাৎক্ষণিক তার কাছে যেতে বলছেন প্রতিমন্ত্রী মুরাদ। নায়িকা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং হুমকি দেন তিনি। আর এরপরই ডা. মুরাদ হাসানকে নিয়ে শুরু হয় তুমুল সমালোচনা।

 

এদিকে এ ঘটনার পর রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে গিয়েছিলেন ইমন। সোমবার রাত ৮টার দিকে ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে তার কার্যালয়ে দেখা করেন অভিনেতা ইমন।

 

কেন ডিবি কার্যালয়ে গিয়েছিলেন? ইমন জানান, ডা. মুরাদ হাসানের সঙ্গে কথোপকথনের অডিও নিয়ে ভুল–বোঝাবুঝির অবসানে আইনি পরামর্শ নিতে ডিবি অফিসে গিয়েছিলেন।

 

মঙ্গলবার দুপুর ফের ডিবি কার্যালয়ে গেলেন মামনুন ইমন। এ বিষয়ে ইমন ডিবি কার্যালয় থেকেই গণমাধ্যমকে বললেন, গতকাল রাত থেকে একাধিক অজ্ঞাত ফোন আসা শুরু হয়েছে আমার ফোনে। এজন্য ডিবি কার্যালয়ে এসেছি। হারুন ভাইকে জানিয়েছিলাম। উনি আমাকে বলেছিল এসে নম্বরগুলো যেন দেখিয়ে যাই। এজন্যই এসেছি। চলে যাব একটু পরেই।

 

এর আগে ইমন বলেছিলেন, ‌‘হারুন ভাই আমার পূর্ব পরিচিত। তার সঙ্গে এর আগে নানা সময়ে আমার দেখা ও কথা হয়েছে। মন্ত্রীর সঙ্গে কথোপথনের কল রেকর্ড যখন ফাঁস হয়, তারপর সারাদিন এ নিয়ে আমাকে কথা বলতে হয়েছে। আমি নিজের অবস্থান সবাইকে পরিষ্কার করলেও, অনেক সহকর্মী আমাকে ভুল বোঝেন। কেউ কেউ আবার আমাকে ইঙ্গিত করে ফেসবুকে পোস্টও দেন। এসব আমাকে খুবই বিব্রত করেছে, কষ্ট দিয়েছে।

 

ইমন বলেন, ফেসবুকে অনেকে আবার আমাকে নিয়ে নেতিবাচক নানা কথাবার্তা বলার চেষ্টা করেছেন। বিপর্যস্ত আমি, তাই হারুন ভাইয়ের সঙ্গে কথা বলতে রাতেই তার অফিসে দেখা করতে যাই। আমার অবস্থান তার কাছে পরিষ্কার করি। এরপর এসব বিষয়ে আমার কী করণীয়, সে ব্যাপারে পরামর্শও চাই। তিনিও আমাকে সেই পরামর্শ দিয়েছেন। এরপর চা খেয়ে আমি চলে আসি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *