ভারতীয় যুবককে বিয়ে করলেন বাংলাদেশের নায়িকা তামান্না

১৯৯৮ সালে মুক্তি পাওয়া সিনেমা ‘ভণ্ড’। নির্মাণ করেছিলেন শহীদুল ইসলাম খোকন। ওই সিনেমায় জনপ্রিয় নায়ক রুবেলের বিপরীতে অভিষেক হয় সুদর্শনা এক নায়িকার। নাম তার তামান্না। প্রথম সিনেমা দিয়েই বাজিমাৎ। অল্প দিনের মধ্যেই ঢাকাই সিনেমায় নিজের অবস্থান পাকা করে ফেলেন তিনি।

কিন্তু গত প্রায় এক দশক ধরে আলোচনায় নেই তামান্না। কারণ তিনি এখন সুইডেন প্রবাসী। সিনেমা ছেড়ে সেখানেই স্থায়ী হয়েছেন। বহু দিন পর খবরের শিরোনামে এলেন এ নায়িকা। প্রসঙ্গটা শুভ; বিয়ে করেছেন তিনি।

বাংলাদেশের অভিনেত্রী মুসলিম রীতি অনুযায়ী ভারতের গুজরাটি মুসলিম সুইডেনে বসবাসরত বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ দাইয়ার সঙ্গে গত ২৬ নভেম্বর তামান্নার নিকাহ সম্পন্ন হয়।

বিয়ে ও তাদের সম্পর্ক প্রসঙ্গে তামান্না আরও জানান, দুই বছর ধরেই দাইয়ার সঙ্গে তার পরিচয়। তামান্নার মা মারা গেছেন কিছুদিন আগে। দাইয়ার সঙ্গে তামান্না মাকে পরিচয়ও করিয়ে দিয়েছিলেন। মা চলে গেলেও সেই মায়ের পছন্দ করা ছেলেকেই তামান্না বিয়ে করলেন।

তামান্না বলেন, ‘বিধাতার শুকরিয়া আমি খুব সুন্দর মনের একজন মানুষকে আমার জীবনসঙ্গী হিসেবে পেয়েছি, যে কি না আমাকে ভীষণ খেয়াল রাখে, ভালোবাসে। দাইয়া মানুষ হিসেবে সত্যি ভীষণ ভালো মনের। গেল দুই বছরে আমি তা বেশ উপলব্ধি করতে পেরেছি। আম্মা বেঁচে থাকলে হয়তো খুব খুশি হতেন। তবে আমার বিশ্বাস আমি দাইয়ার সঙ্গে বাকিটা জীবন সুখে শান্তিতে কাটাতে পারব ইনশালস্নাহ। এ বিয়েতে আমার পরিবার ভীষণ খুশি। এখন শুধু সবার কাছে দোয়া চাই আলস্নাহ যেন আমাদের সুস্থ রাখেন, ভালো রাখেন। আমরা যেন সুখী হতে পারি, ভালো থাকতে পারি।’

উল্লেখ্য, প্রথম সিনেমা মুক্তির পরই তামান্না’র ব্যস্ততা বেড়ে যায়। কিন্তু ২০০৩ সাল পর্যন্ত একের পর এক ভালো ভালো গল্পের সিনেমা ‘হৃদয়ে লেখা নাম’, ‘তুমি আমার ভালোবাসা’, ‘শত্রু তুমি বন্ধু তুমি’, ‘কঠিন শাস্তি’, ‘সন্ত্রাসী বন্ধু’, ‘আমার প্রতিজ্ঞা’, ‘মুখোশধারী’তে কাজ করে তামান্না চলে যান সুইডেনে। ২০১৩ সালে মঈন বিশ্বাসের ‘পাগল তোর জন্য’ সিনেমায় তার শেষ অভিনয় করা।

তামান্না জানান, ইচ্ছে রয়েছে তার আগামী বছর স্বামী মোহাম্মদ দাইয়া’কে নিয়ে ঢাকায় আসবেন। তখন তিনি দেশে তার প্রিয় প্রিয় জায়গা ঘুরে বেড়াবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *