বিনোদন ডেস্ক- গায়িকা বাঁধন সরকার পূজা ও মডেল অর্ণব অন্তু একসঙ্গে গান করতে গিয়ে ভালোবেসে ফেলেন একে-অপরকে। এরপর ২০১৭ সালের ১ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন। দু’জনের দাম্পত্য জীবন ভালো-মন্দ মিলিয়ে ঠিকই চলছিল। কিন্তু আচমকাই ডিভোর্সের ঘোষণা দিলেন অন্তু।
শুক্রবার (৩ ডিসেম্বর) রাতে ফেসবুকে অন্তু লেখেন, ‘মহানের কাছে সুস্থ এবং সুন্দর জীবনের কামনা করে আমাদের সাংসারিক যাত্রা আমার পক্ষ থেকে এখানেই ইতি টানলাম। ভালো থেকো।’
স্ট্যাটাসে পূজাকে ট্যাগও করেন তিনি। এরপরই তাদের বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। গণমাধ্যমে পূজা ও মডেল অর্ণব অন্তুর ৪ বছরের সংসারের ইতি টানার খবরও প্রকাশিত হয়।
বিচ্ছেদের খবরের বিষয়ে শনিবার যোগাযোগ করা হয় পূজার সঙ্গে। তিনি বলেন, ‘ অন্তুর সঙ্গে তো আমার বিচ্ছেদ হয়নি। আমি এখনও মিসেস অন্তুই আছি।’
বিচ্ছেদের বিষয়ে অন্তুর স্ট্যাটাস নিয়ে কিছুই জানেন না পূজা। বললেন, গতকাল সন্ধায়ও অন্তুর সঙ্গে আমার কথা হয়েছে। এমন স্ট্যাটাস দেবে তা তো তখনও জানতাম না। জানিনা এমন স্ট্যাটাস সে কেনো দিলো। তবে আমার পক্ষ থেকে ডিভোর্সের কোনো পরিকল্পনা নেই।’
অর্ণব অন্তু মডেলিং করেন। ২০১৬ সালের মাঝামাঝি সময়ে পূজার ‘অবুঝ পাখি’ গানের মডেল হয়েছিলেন তিনি। তখন থেকেই দুজনের বন্ধুত্ব। সেখান থেকে প্রেম ও বিয়ে। ‘সেরা কণ্ঠ’ প্রতিযোগিতার মাধ্যমে সংগীতে ক্যারিয়ার শুরু করেন পূজা। এরপর অ্যালবাম ও প্লেব্যাকের মাধ্যমে তিনি পরিচিতি পান।
