নজর২৪ ডেস্ক- নটরডেম কলেজের শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে ও নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর মিরপুর রোডে ধানমন্ডি ২৭ নম্বরের মোড় এলাকায় সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।
রবিবার (২৮ নভেম্বর) বেলা একটার দিকে এ ঘটনা ঘটে। শিক্ষার্থীরা এসময় সড়ক বন্ধ করে বিক্ষোভ করতে থাকে। বিভিন্ন দাবি সংবলিত প্লাকার্ড হাতে স্লোগান দিতে থাকে প্রতিবাদী শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের রাস্তায় অবস্থানের কারণে মিরপুর সড়ক-নিউমার্কেটগামী সড়কে যান চলাচল সীমিত করা হয়েছে। মানিকমিয়া এভিনিউ মোড়ে ট্রাফিক পুলিশ সদস্যদের গাড়ি ডাইভারসন করতে দেখা গেছে।
ধানমন্ডি-২৭ এলাকা সরেজমিনে দেখা যায়, নটরডেম কলেজের শিক্ষার্থী নাঈমের মৃত্যুর প্রতিবাদে সড়কে অবস্থান থেকে বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে। সেখানে মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, মোহাম্মদপুর গভর্মেন্ট কলেজ, লালমাটিয়া মহিলা কলেজ, আইডিয়াল স্কুুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা জড়ো হয়েছেন।
মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের আকাশ নামে আন্দোলনরত এক শিক্ষার্থী বলে, ঢাকার সড়ক নিরাপদ নয়, শিক্ষার্থীরা হরহামেশাই মরছে। বিচার নেই, সুষ্ঠু ব্যবস্থাপনা নেই। তাই আমরা আন্দোলন করছি, নিরাপদ সড়কের দাবিতে।
ঘটনাস্থলে উপস্থিত ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব জানান, কোমলমতি শিক্ষার্থীদের নিরাপদ সড়কের দাবিতে সড়কে অবস্থান করছে। চারদিকে যানচলাচল বিঘ্নিত হচ্ছে। শিক্ষার্থীদের সড়কে অবস্থান, আন্দোলন ঘিরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর কিছু না ঘটে সেজন্য পুলিশও আশপাশে অবস্থান করছে।
