‘জীবনের শেষ ভোট দিতে এসেছি’, ১২০ বছরের বৃদ্ধা

টাঙ্গাইল প্রতিনিধি- আজিরন। বয়স ১২০ এর কোঠায়। বয়সের ভারে নুজু হয়ে পড়েছেন গ্রামের সর্বোচ্চ বয়সি এই বৃদ্ধা। তবুও ভোট দিতে হবে। জীবনের শেষ ভোট বলে কথা। পরবর্তী ভোট বয়সে নাগাল নাও পেতে পারে। এমনটাই মনে করেন আজিরন।

 

দুই হাতে দুই লাঠি ধরে চার পায়ে ভর করে সকালেই নগরবাড়ী আনোয়ারা হাসেম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় তিনি ভোটকেন্দ্রে আসেন ভোট দিতে।

 

আজিরন কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নগরবাড়ী গ্রামের মৃত সৈয়দ আলী সরকারের স্ত্রী। চার ছেলে আর তিন মেয়ে মোট সাত সন্তানের জননী। তার সন্তানরাও বয়স্ক হয়ে গেছেন।

 

তার ছোট ছেলে আব্দুল হাকিমের বয়স ৫২ বছর। তিনি বলেন, আমার মায়ের বয়স ১২০ বছর। জীবনের শেষ ভোট মনে করে তিনি কেন্দ্রে এসেছেন। তার উৎসাহ দেখে আমরাও তাকে কেন্দ্রে এনেছি। ভোট না দিতে পারলে দুঃখ থেকে যেতে পারে।

 

আজিরন বলেন, বয়স হয়েছে। আর কতোদিনই আর বাঁচবো। এরপর আর ভোট দেওয়ার সুযোগ পাবো কিনা জানিনা। তাই জীবনের শেষ ভোটটি দিতে এসেছি।

 

কেন্দ্রের পোলিং অফিসার মো. হোসেন আলী বলেন, এই কেন্দ্রে আজ আজিরনই সবচেয়ে বয়স্ক নারী। তিনি সকাল ১০টার দিকে কেন্দ্রে এসে ভোট দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *