বিনোদন ডেস্ক- ক্যারিয়ারে যত ছবি করেছেন অপু বিশ্বাস, বেশিরভাগ ছবিতেই তার নায়ক শাকিব খান। একসাথে ৭২টি ছবিতে কাজ করেছেন তারা। এত সংখ্যক ছবিতে একসাথে কাজ করার রেকর্ড কোনো দেশের নায়ক-নায়িকার নেই।
তবে সিনেমার জনপ্রিয় এই জুটি এখন সাবেক স্বামী-স্ত্রী। বিচ্ছেদের পর থেকে এই তারকা দম্পতির একমাত্র সন্তান আব্রাম খান জয় তার মা অপু বিশ্বাসের সঙ্গেই থাকেন। জয়ের বয়স এখন পাঁচ বছর।
সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হন অপু বিশ্বাস। সেখানে একমাত্র সন্তান জয়সহ নানা বিষয়ে কথা বলেন এই নায়িকা। জানান, সুযোগ হলে শাকিব খানের সঙ্গে অভিনয় করতে চান তিনি।
অপু বলেন, আমরা একসঙ্গে ৭২টি সিনেমায় অভিনয় করেছি, তার মধ্যে অসংখ্য সিনেমা সুপারহিট। দর্শকদের কাছে আমরা প্রিয় জুটি। নায়ক হিসেবে শাকিব খান সবসময় অসাধারণ। তার সঙ্গে অভিনয় না করার প্রশ্নই আসে না। নায়ক হিসেবে অবশ্যই তিনি পছন্দের।
ছেলে জয়কে নিয়ে এ নায়িকা বলেন, আমিই জয়ের মা, আমিই বাবা। ওর সবটুকু আবদার আমার কাছেই। পৃথিবীর সবকিছু একদিকে অন্যদিকে জয়। তাকে ঘিরেই আমার বেশিরভাগ ব্যস্ততা।
তিনি বলেন, সেটা দেখে আমাদের বাসার নিরাপত্তা কর্মী একদিন আমাকে বললেন, “আপু আপনি জয়ের জন্য যে পরিমাণ পরিশ্রম করেন, তারচেয়ে বিদেশে চলে যান। অনেক আরামে থাকবেন।” কথাগুলো শুনে কিছুক্ষণ নীরব হয়ে ছিলাম।
উল্লেখ্য, ২০০৮ সালের ১৮ এপ্রিল শাকিব খান ও অপু বিশ্বাসের বিয়ে হয়। বিয়ের ব্যাপারটি কঠোর গোপনীয়তার মধ্যে রেখে তাঁরা দুজন সমানতালে সিনেমার শুটিং অব্যাহত রাখেন। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর দেশের বাইরের একটি হাসপাতালে জন্ম হয় শাকিব ও অপুর সন্তান আব্রাম খান জয়ের। পরের বছরের ১০ এপ্রিল একটি টিভি চ্যানেলে উপস্থিত হয়ে শাকিবের সঙ্গে নিজের গোপন বিয়ের খবরটি সবার কাছে জানিয়ে দেন অপু বিশ্বাস।
আট বছর আগের সে বিয়ের খবর যেই না জনসমক্ষে চলে আসে, তখনই দুজনের মধ্যে শুরু হয় সম্পর্কের টানাপোড়েন। পরিস্থিতি এমন অবস্থায় পৌঁছায় যে শাকিব খান ও অপু বিশ্বাস নিজেদের মধ্যে মুখ–দেখাদেখি বন্ধ করে দেন। তাঁদের সেই টানাপোড়েন চূড়ান্ত পরিণতির দিকে যায়।
২০১৭ সালের ২২ নভেম্বর আইনজীবীর মাধ্যমে অপুর কাছে তালাকের নোটিশ পাঠান শাকিব খান। শাকিব-অপুর সেই সংসার ভেঙে যায় ২০১৮ সালের ১২ মার্চ।
