সাইফুল ইসলাম মুকুল, রংপুর- জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, সহিংসতা এবং জোর করে ভোট নেয়া বন্ধ না হলে আগামীতে জাতীয় পার্টিও ইউনিয়ন পরিষদসহ যে কোন নির্বাচন বর্জন করবে। জনগণের ভোট ছাড়াই এখন জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার সংস্কৃতি শুরু করেছে।
আওয়ামী লীগ নেতাকর্মীদের কাছে মনোনয়োনই এখন মুখ্য, কারণ মনোনয়োন পেলে জোর করেই নির্বাচিত হওয়া যায়।
চূন্নু বলেন, আওয়ামী লীগ-বিএনপি’র কাছে দেশের মানুষ কখনোই নিরাপদ নয়। সবসময়ই দল দুটি জনগণের মৌলিক অধিকার হরণ করেছে। সুশাসন প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছে।
শুক্রবার বিকালে রংপুরের পল্লী নিবাসে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদেও কবর জিয়ারত শেষে গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।
এসময় দলটির সাবেক মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাসহ দলটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেয়ার কথা ঘোষণা করে মহাসচিব বলেন, জাতীয় পার্টি এখন পুরোপুরি বিরোধীদল। কোনো রাজনৈতিক দলের সঙ্গে এখন আর জাতীয় পার্টির যোগসুত্র নেই। তাই তৃণমূলে দলকে সংগঠিত করে আগামীতে আবারও জাতীয় পার্টিকে ক্ষমতায় নিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় রংপুর বিভাগ ও জেলা মহানগরের নেতবৃন্দরা উপস্থিত ছিলেন।





