নাগরপুরে মধ্যরাতে শেষ হচ্ছে প্রচারণা, ভোট রোববার

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- আজ শুক্রবার রাত ১২টায় শেষ হচ্ছে নাগরপুরের ১১ টি ইউনিয়ন পরিষদের নির্বাচনী প্রচার-প্রচারণা। আগামী রবিবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত হবে এবারের ইউপি নির্বাচনের ভোটগ্রহণ। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট নেওয়া হবে। করোনা সংক্রমণ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

 

নাগরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোঃ আরশেদ আলী জানিয়েছে, নির্বাচনী এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইতোমধ্যেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে নেমেছেন। ২৮ নভেম্বর ১১ টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনী এলাকায় কোনও সাধারণ ছুটি থাকছে না। তবে নির্বাচন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কর্মকর্তা-কর্মচারীগণ সাধারণ ছুটির আওতায় থাকবেন।

 

এছাড়া ভোট দেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে ছুটি নিতে পারবেন সাধারণ নাগরিকরা।

 

স্থানীয় সরকার নির্বাচন আইন অনুযায়ী, ভোটগ্রহণ শুরুর ৩২ ঘণ্টা পূর্বে প্রচার বন্ধ করতে হয়। সে হিসেবে ২৬ নভেম্বর মধ্যরাত ১২ টায় প্রচার কাজ বন্ধ করতে হয়েছে। এ সময়ের পর প্রার্থী বা সমর্থকদের কেউ কোনও ধরনের প্রচারণা চালাতে পারবেন না।

 

ভোটের সার্বিক প্রস্তুতি সম্পর্কে উপজেলার প্রধান এই নির্বাচন কর্মকর্তা বলেন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নির্বাচনী কর্মকর্তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। আগামীকাল প্রতিটি কেন্দ্রে নির্বাচনী সামগ্রী পৌঁছে যাবে। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট কেন্দ্রে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীসহ স্বাস্থ্য বিধি মানার বিষয়টি নিশ্চিত করতে প্রিজাইডিং অফিসারদের নির্দেশনা দেওয়া হয়েছে। ভোটারদের মাস্ক পরে ভোটকেন্দ্রে যাওয়ার জন্য অনুরোধ রইলো।

 

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য নির্বাচনি এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোটকেন্দ্র ও নির্বাচনি এলাকার পরিবেশ শান্তিপূর্ণ রাখতে বিজিবি, পুলিশ, র‌্যাব ও আনসার দায়িত্ব পালন করবে। এছাড়াও ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে স্টাইকিং ফোর্স ও ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করবে।

 

যেসব যান চলাচল বন্ধ থাকবে –
আজ ২৬ নভেম্বর রাত ১২টা হতে ২৯ নভেম্বর পর্যন্ত নির্বাচনী এলাকায় মোটর সাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া ভোটের আগের দিন ২৭ নভেম্বর থেকে ভোটের দিন রাত ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকায় হালকা যানবাহন চলাচল বন্ধ থাকবে। এছাড়া জরুরি সেবাসহ অন্যান্য ভারী পরিবহন চলাচল করতে পারবে।

 

১১ টি ইউনিয়নে মোট ৫৮ জন চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত নারী সদস্য পদে ১৩৭ জন, সদস্য (মেম্বার) পদে ৪৬৬ জন সহ সর্বমেতদাট ৬৬১ জন প্রার্থী তাদের অনুকূলে নৌকা, হাতপাখা, ঘোড়া, গামছা ও আনারস সহ সর্বমোট ২০ টির অধিক প্রতীক নিয়ে এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

নির্বাচনে ১১টি ইউনিয়নের মোট ১০৬ টি কেন্দ্রের ৫৬৫ টি কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে এবং মোট ভোটার ২ লক্ষ ২০ হাজার ৭৯৫ জন ; পুরুষ ভোটার ১ লক্ষ ১০ হাজার ৩০২ জন ও মহিলা ভোটার ১ লক্ষ ১০ হাজার ৪৯৩ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *