নজর২৪, ঢাকা- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় রাজধানীর গুলিস্তানে নটর ডেম কলেজের নাঈম হাসান নামে এক শিক্ষার্থীর নিহতের পর গুলিস্তান অবস্থান নিয়েছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। তারা এ ঘটনার বিচার চাওয়ার পাশাপাশি নিরাপদ সড়ক চেয়েছেন।
বুধবার বিকেল সোয়া ৩টার দিকে গুলিস্তানের পুলিশবক্স পাশে বঙ্গবন্ধু স্কয়ারে অবস্থান নেন নটর ডেমের এক দল শিক্ষার্থী। ফলে ওই এলাকার সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়। মতিঝিল, পল্টন, জিরো পয়েন্ট এলাকায় দেখা যায় তীব্র যানজট।
আন্দোলনে থাকা শিক্ষার্থীরা নাঈম হত্যার বিচার ও নিরাপদ সড়কের দাবিতে ‘উই ওয়ান্ট জাস্টিজ’, ‘নিরাপদ সড়ক চাই’ স্লোগানে বিক্ষোভ করছেন।
মতিঝিল বিভাগের উপ কমিশনার আ. আহাদ বলেন, ‘নটর ডেম একজন শিক্ষার্থী মৃত্যুর প্রতিবাদে তার সহপাঠীরা বঙ্গবন্ধু স্কয়ারে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। দুপাশে যানচলাচল বন্ধ।’
ঢাকা মহানগর পুলিশের মতিঝিল জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার আবুল হাসান বলেন, “শিক্ষার্থীদের বোঝানো হচ্ছে।”
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে গুলিস্তানে হল মার্কেটের কাছে ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় নটর ডেম কলেজের ছাত্র নাঈম হাসানের মৃত্যু হয়।
নাঈম নটরডেম কলেজে উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। কামরাঙ্গীরচর ঝাউলাহাটিতে নিজ বাড়িতে তিনি পরিবারের সঙ্গে থাকতেন। দুই ভাইয়ের মধ্যে নাঈম ছিলেন ছোট।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, কয়েকজন পথচারী ও নটরডেম কলেজের শিক্ষার্থীরা নাঈমকে হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।





