বিনোদন ডেস্ক- গত সেপ্টেম্বরে শুরুর ঘোষণা আসে নেত্রী: দ্য লিডার সিনেমা নির্মাণের। যেখানে বর্ষাকে মূল ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে বলে জানান সিনেমাটির অন্যতম প্রযোজক ও পরিচালক অনন্ত জলিল।
অক্টোবরে শুরু হয় সিনেমার শুটিং। প্রথম লটের কাজ শেষ করে এখন চলছে সিনেমাটির দ্বিতীয় ধাপের দৃশ্যধারণ। চলতি সপ্তাহে ঢাকার পাশেই শুরু হয়েছে সিনেমার শুটিং।
অনন্ত জলিল তার ফেসবুক পেজে সিনেমাটি নিয়ে নিয়মিতই আপডেট জানাচ্ছেন। স্থিরচিত্র এবং ভিডিও পাওয়া যাচ্ছে পেজটিতে। সেখানে দেখা যাচ্ছে অভিনেত্রী বর্ষা শাড়ি পরে মাথায় ঘোমটা টেনে মঞ্চে ভাষণ দিচ্ছেন। কখনও আবার জনসমাগমের মতো অনেক মানুষের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছেন। সিনেমায় অনন্তও আছেন। তাকে দেখা যাবে নেত্রীর দেহরক্ষী হিসেবে।
অনন্ত ভেরিফায়েড ফেসবুকে জানান, ‘চলছে নেত্রী: দ্য লিডার চলচ্চিত্রের শুটিং আমাদের এই চলচ্চিত্রে অভিনয় করছেন কয়েকজন ভারতীয় স্বনামধন্য অভিনেতা। ইতিমধ্যে প্রদীপ রাওয়াত বাংলাদেশে চলে এসেছেন এবং দ্বিতীয় ধাপের শুটিংয়ে তিনি যুক্ত হয়েছেন।’
সিনেমাটি প্রসঙ্গে বর্ষা বলেন, ‘দারুণ একটি চরিত্র। নেত্রীকে ঘিরেই সবগুলো ঘটনা আবর্তিত হবে। আমার বিশ্বাস এ সিনেমাটি আমার জন্য একটি মাইলফলক হবে।’
‘নেত্রী : দ্য লিডার’ সিনেমাটি বাংলাদেশের সঙ্গে যৌথভাবে প্রযোজনা করছে তুরস্ক। দেশটির বেশ কয়েকজন তারকাশিল্পীও এতে অভিনয় করছেন। পরিচালনা করছেন দক্ষিণ ভারতীয় নির্মাতা উপেন্দ্র মাধব।
