নজর২৪, ঢাকা- পরিবহনে হাফ ভাড়া শিক্ষার্থীদের শুধু দাবি নয়, এটা তাদের অধিকার বলে মন্তব্য করেছে বাংলাদেশ ছাত্রলীগ। মঙ্গলবার সন্ধ্যায় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।
আল নাহিয়ান খান জয় বলেন, আমরা শিক্ষার্থীদের এই দাবির সঙ্গে একমত। একইসঙ্গে বলতে চাই তাদের এই দাবি সঠিক ও যৌক্তিক।
তিনি বলেন, শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবি পরিবহন সংশ্লিষ্ট সবাইকে অবিলম্বে মেনে নিতে হবে এবং এটা বাস্তবায়নেও তাদের ভূমিকা রাখতে হবে।
সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, ছাত্রলীগ সবসময়ই শিক্ষার্থীদের দাবির পক্ষে ছিলো। পরিবহনে হাফ ভাড়ার দাবির সঙ্গেও ছাত্রলীগ একইভাবে সহমত পোষণ করে। আমরা মনে করি শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবি মানতে হবে।
তিনি বলেন, শিক্ষার্থীদের দাবি মানার কথাটা যেভাবে যুক্তিযুক্ত, একইভাবে আন্দোলনের নামে যেনো কোনো সহিংসতা সৃষ্টি না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। এজন্য ছাত্রলীগের নেতাকর্মীদের সচেতন থাকার পরামর্শ দেন লেখক।
এদিকে, একই মত জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সাধারণ সম্পাদক ও ডাকসুর সাবেক এ জি এস সাদ্দাম হোসেন।
সাদ্দাম বলেন, ‘আমরা প্রত্যাশা করি, শিক্ষার্থীদের হাফ ভাড়ার যে বিষয়টি, তা দ্রুত বাস মালিক সমিতি ও প্রশাসনের নির্ধারণ করে দেওয়া উচিত। শিক্ষার্থীরা যে দাবি জানাচ্ছে, সেটি যৌক্তিক দাবি। আমরা তাদের দাবির প্রতি সংহতি ও একাত্মতা পোষণ করি।’
তিনি বলেন, ‘পৃথিবীর বিভিন্ন দেশে আইডি কার্ড দেখিয়ে নির্দিষ্ট বয়সসীমায় শিক্ষার্থীরা কোথাও হাফ ভাড়া, কোথাও বিনা ভাড়ার সুবিধা পেয়ে থাকেন। আমরা মনে করি, বাংলাদেশের সব শিক্ষার্থীদের জন্য এটি প্রযোজ্য হওয়া উচিত।’
