‘শিশুবক্তা’ রফিকুলকে জামিন দেননি হাইকোর্ট

নজর২৪, ঢাকা- ডিজিটাল নিরাপত্তা আইনে রাজধানীর তেজগাঁও ও গাজীপুরের বাসন থানায় দায়ের করা মামলায় ‘শিশুবক্তা’ রফিকুল ইসলামকে জামিন দেননি হাইকোর্ট।

 

সোমবার (২২ নভেম্বর) তার করা জামিন আবেদন খারিজ করেছেন হাইকোর্টের বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ।

 

তার আইনজীবী অ্যাডভোকেট আশরাফ আলী মোল্লা বিষয়টি মঙ্গলবার (২৩ নভেম্বর) গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

 

অ্যাডভোকেট আশরাফ আলী মোল্লা বলেন, ময়মনসিংহের কোতোয়ালি থানায় বি’স্ফোরক আইনে দায়ের করা মামলায় রফিকুল ইসলাম হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। হাইকোর্টের একই বেঞ্চে তার বিরুদ্ধে দায়ের করা গাজীপুরের বাসন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন দেননি।

 

আদালতে এদিন রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ (এসকে) মোরশেদ। রফিকুল ইসলামের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আশরাফ আলী মোল্লা ও ব্যারিস্টার তানজিলা ইসলাম।

 

গত ১১ এপ্রিল ‘শিশু বক্তা’ হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানীর (২৭) বিরুদ্ধে গাজীপুরের বাসন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়। তার বিরুদ্ধে মারাত্মক মিথ্যা, ভয়ভীতি দেখিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে মানহানিকর তথ্য প্রকাশ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার মতো অপরাধে সহায়তার অভিযোগ আনা হয়েছিল।

 

গাজীপুরের টেকনাগপাড়া এলাকার মো. মোস্তাফিজুর রহমান নামের এক ব্যক্তি বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন।

 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, রফিকুল গাজীপুর সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের মারকাজুল নূর আল ইসলামিয়া মাদ্রাসায় বসে নাশক’তামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করেন। এছাড়া কয়েকজন বক্তা ওয়াজ মাহফিলের নামে রাষ্ট্রবিরোধী বক্তব্য দিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছেন, তাদের মধ্যে অন্যতম একজন রফিকুল।

 

৮ এপ্রিল নেত্রকোনার নিজ বাড়ি থেকে আটকের পর গাছা থানায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে র‌্যাব। এ সময় তার কাছ থেকে চারটি মোবাইল জব্দ করা হয়। এরপর থেকে তিনি কাশিমপুর কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে একই আইনে গাজীপুরের বাসন থানায় আরেকটি মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *