গ্রামের মানুষের জন্য সিনেমা হল বানাচ্ছেন সালমান খান

বিনোদন ডেস্ক- হিন্দি সিনেমার অন্যতম সফল অভিনেতা সালমান খান। তিন দশকেরও বেশি সময় ধরে দাপটের সঙ্গে বড় পর্দা কাঁপাচ্ছেন তিনি। তার সিনেমা মানেই শত শত কোটির ব্যবসা। এছাড়া তিনি ছোট পর্দায় যেসব অনুষ্ঠান করেন, সেগুলোর জন্যও নেন আকাশচুম্বী পারিশ্রমিক। এসবের বাইরে নানাবিধ ব্যবসাও রয়েছে এই তারকার।

 

এবার সালমান নামছেন নতুন ব্যবসায়। নিজের মালিকানায় চালু করতে যাচ্ছেন সিনেমা হল চেইন। ভারতের বিভিন্ন স্থানে তৈরি হবে তার মাল্টিপ্লেক্স। নিজের স্বপ্নের এই প্রোজেক্টের নাম দিয়েছেন ‘সালমান টকিজ’।

 

সিনেমা হল চালু করার প্রোজেক্টটি অনেক আগেই শুরু করেছেন সালমান খান। পরিকল্পনা ও প্রস্তুতি বিষয়ক কাজ চলছিল। কিন্তু করোনা এসে থামিয়ে দেয় সব। সম্প্রতি এই প্রোজেক্ট নিয়ে মুখ খুলেছেন সালমান।

 

এক সাক্ষাৎকারে তিনি জানান, এখন পুরোদমে চলছে ‘সালমান টকিজ’-এর কাজ। যেহেতু একটি-দুটি নয়, অনেক সিনেমা হলের প্রোজেক্ট এটি। তাই পরিকল্পনায় অনেকটা সময় লাগছে। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বলেও জানিয়েছেন ভাইজান।

 

সালমানের ভাষ্য, ‘পুরোদমেই কাজ এগোচ্ছে। তবে হ্যাঁ, করোনার ফলে যা ক্ষতি হয়েছে তার জন্য হয়ত গতি একটু কমেছে। এটুকু জেনে রাখুন থিয়েটার চেইন খুলছি আমরা। হয়তো একটু সময় বেশি লাগবে, এই যা।’

 

তবে মজার বিষয় হলো, সালমানের এসব প্রেক্ষাগৃহ শহরের বুকে নয়, প্রেক্ষাগৃহ পৌঁছে যাবে মফস্বল এবং গ্রামের দর্শকদের কাছে। যেখানে মানুষ সহজে বিনোদন পান না, সেসব জায়গায় চলচ্চিত্রকে নিয়ে যেতে চান তিনি।

 

পরিকল্পনাকে আরও মজবুত করতে নানা প্রযোজক, ডিস্ট্রিবিউটর এবং সিনেমা প্রদর্শনকারীদের সঙ্গেও দেখা করেছেন সালমান। মহারাষ্ট্র থেকে শুরু করে আরও অন্যান্য রাজ্যে প্রেক্ষাগৃহ খুলতে চান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *