অনেক অফার পাই, যেখানে নায়িকার কোনো কাজ থাকে না: পূজা চেরী

বিনোদন ডেস্ক- করোনার কারণে দীর্ঘদিন বড়পর্দায় অনুপস্থিত ঢাকাই ছবির জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরী। তবে অপেক্ষার পালা শেষ হচ্ছে। আগামী বছরের শুরুতেই মুক্তি পাচ্ছে জনপ্রিয় জুটি সিয়াম-পূজা অভিনীত ‘শান’ সিনেমাটি।

 

নবীন নির্মাতা এম রাহিমের পরিচালনায় সিয়ামের বিপরীতে অ্যাকশন রোমান্সে ভরপুর ‘শান’ নিয়ে ব্যাপক আশাবাদী পূজা।

 

গণমাধ্যমকে তিনি বলেন, মুক্তির দিন গুনছি। কতটুকু কী করেছি দর্শক জানাবেন। যে কাজটি করি মনোযোগ দিয়ে করি। একটি সত্য ঘটনা কেন্দ্র করে ‘শান’ নির্মিত হয়েছে। নতুন পরিচালক হলেও ভীষণ যত্ন নিয়ে পরিচালক বানিয়েছেন।

 

পূজা বলেন, অনেক সিনেমার অফার পাই, যেখানে নায়িকার কোনো কাজ থাকে না। এমন দেখেছি, পূজা চেরীর নামটা ব্যবহার করতে চায়। এ ধরনের কাজ এখনও পর্যন্ত করিনি। শান মোটেও তেমন সিনেমা নয়। আমার চরিত্র গুরুত্বহীন হলে কখনই কাজ করতাম না। আমার অভিনয়ের যথেষ্ট জায়গা পেয়েছি এবং কাজে লাগানোর চেষ্টা করেছি। দিন যত যাচ্ছে নিজেকে ইমপ্রুভড করছি।

 

পূজা বলেন, এটি অনেক বড় বাজেটের সিনেমা। দুই বছর ধরে মুক্তির অপেক্ষায় রয়েছে। কোভিড না থাকলে এতদিন মুক্তি পেত। মুক্তির জন্য ভালো উপলক্ষ খুঁজছিলাম। নতুন বছরটা সবাই চান ভালো যাক। সেজন্য আমরাও নতুন বছরের শুরুতে ‘শান’ মুক্তি দিচ্ছি।

 

তিনি বলেন, এর গল্পটাই আসল। গল্পই নায়ক-নায়িকা। একজন সংগীত শিল্পীর চরিত্রে অভিনয় করছেন পূজা। যে চরিত্রটি তার কাছে একেবারে নতুন। পূজার কথা, কণ্ঠশিল্পী হিসেবে সিনেমার একটি গানে আমাকে স্টেজে পারফর্ম করতে দেখা যাবে। এই চরিত্রটি করতে গিয়ে বুঝেছি শিল্পীরা অনেক কষ্ট করে স্টেজে গান করেন। তাদের কাজটা সহজ নয়।

 

উল্লেখ্য, শান একটি পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমা। এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে জানুয়ারির ৭ তারিখ। এম রাহিমের পরিচালনায় সিনেমাটি পরিবেশনা করছে জাজ মাল্টিমিডিয়া। সিয়াম-পূজা ছাড়াও এতে আরও অভিনয় করেছেন তাসকিন, চম্পা, অরুণা বিশ্বাস, হাসান ইমাম, মিশা সওদাগর, নাদের চৌধুরী, ডন, আরমান পারভেজ মুরাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *