বিনোদন ডেস্ক- ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। পর্দার সফল একজন অভিনেতা তিনি। হোক তা রোমান্টিক, পারিবারিক কিংবা সামাজিক গল্প।
তার অভিনয় ক্যারিয়ারে প্রায় দুই দশক পূর্ণ করতে যাচ্ছেন। দীর্ঘ এই সময়ে অসংখ্য জনপ্রিয় নাটক-টেলিফিল্ম উপহার দিয়েছেন তিনি। এখনো ঈদ বা বিশেষ দিবস মানেই আফরান নিশোর নাটক।
নিশোর অভিনয়ে মুগ্ধ অসংখ্য ভক্ত। প্রিয় এই তারকাকে একঝলক দেখতে মানুষে ঢল নেমেছিল। যার একটি ভিডিও ক্লিপ ঘুরে বেড়াচ্ছে নেটদুনিয়ায়। মূলত শুক্রবার (১৯ নভেম্বর) কুমিল্লা গিয়েছিলেন নিশো। সেখান থেকেই ধারণ করা হয় ভিডিওটি।
জানা যায়, কোনো শুটিংয়ের কাজে কুমিল্লা জাননি নিশো। একটা জেন্টস পার্লার উদ্বোধন করতেই কুমিল্লা সফর। তার সফরসঙ্গী হয়েছিলেন নির্মাতা মোস্তফা কামাল রাজ।
প্রকাশিত ভিডিওতে দেখা যায়—মাইক্রোফোন হাতে নিয়ে নিশো জানতে চাচ্ছেন, ‘সবাই কেমন আছেন?’ সমস্বরে উপস্থিত সকলে বলে উঠেন, ‘ভালো।’ এরপর নিশো বলেন, ‘কুমিল্লায় এটাই আমার প্রথম আসা। আপনারা আমার মন জয় করে নিয়েছেন। আমি খুব সম্মানিত বোধ করছি।’ এ কথা শেষ হওয়ার পর সমস্বরে স্লোগান উঠে—‘নিশো ভাই, নিশো ভাই, নিশো ভাই।’
এরপর দর্শক সারিতে থেকে অনুরোধ আসে গান গাওয়ার। তা শুনে নিশো বলেন, ‘কি বুক চিনচিন করে?’ সমস্বরে সবাই বলেন, ‘হ্যাঁ।’ তাহলে হবে নাকি? এ প্রশ্ন করেই ‘বুক চিন চিন করছে হায়’ গানটির কয়েক লাইন গেয়ে শোনান নিশো। তার সঙ্গে কণ্ঠ মেলান উপস্থিত দর্শকরা।
