নজর২৪, হবিগঞ্জ- হবিগঞ্জ শহরের চৌধুরীবাজার সর্বজনীন পূজামণ্ডপের পাশ থেকে পবিত্র কোরআন শরিফসহ অজ্ঞাত এক যুবককে আটক করেছে স্থানীয়রা। পরে তাকে পুলিশে দেওয়া হয়।
শুক্রবার (১৯ নভেম্বর) বিকাল ৪টার দিকে স্থানীয় লোকজন তাকে আটক করে। ওই যুবককে এখন হবিগঞ্জ সদর মডেল থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
তবে তার নাম-পরিচয় জানা যায়নি। স্থানীয়রা বলছেন, ওই যুবক নোয়াখালীর বলে জানিয়েছে সে।
প্রত্যক্ষদর্শী সানি রায় জানান, শুক্রবার দুপুর থেকে ওই যুবক চৌধুরীবাজার সর্বজনীন পূজামণ্ডপের চারপাশে ঘোরাফেরা করছিলেন। এ সময় সেখানকার কয়েকজন লোক বিষয়টি দেখে অন্যদের জানান। স্থানীয়দের সন্দেহ হলে ওই যুবককে আটক করে তার ব্যাগে পবিত্র কোরআন শরিফ পাওয়া যায়। বিষয়টি চৌধুরীবাজার ফাঁড়িকে জানালে পুলিশ এসে তাকে আটক করে।
সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) দৌস মোহাম্মদ জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে মিজানুরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানাবেন।
