নজর২৪ ডেস্ক- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করার দায়ে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগ থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। নড়বড়ে অবস্থায় রয়েছে তার মেয়র পদও।
এদিকে, বহিষ্কারের ঘোষণা আসায় সকাল থেকে মেয়রের বাসায় সংবাদকর্মীদের ভিড় দেখা গেছে। তবে প্রতিদিন মেয়রের বাসায় বিভিন্ন নেতাকর্মীর ভিড় থাকলেও আজ দেখা যাচ্ছে না।
শনিবার (২০ নভেম্বর) সকালে খোঁজ নিয়ে জানা যায়, গাজীপুর মেয়র তার বাসভবনেই রয়েছেন। আজ সকাল ১২টার দিকে সাংবাদিকদের সঙ্গে তার মতবিনিময় করার কথা রয়েছে। এজন্য গাজীপুর ও ঢাকা থেকে বিভিন্ন মিডিয়ার সাংবাদিকেরা এসেছেন। তবে মেয়রের বাসায় প্রবেশে নেই কোনো কড়াকড়ি। আগের মতো তার ব্যক্তিগত ফোর্সও নেই। যে যার মতো প্রবেশ ও প্রস্থান করছেন।
তবে, সকাল থেকে কিছু উৎসুক মানুষকে মেয়রের বাসার সামনে ভিড় করতে দেখা গেছে। এ নিয়ে গাজীপুরে উৎকণ্ঠা বিরাজ করছে।
গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান বলেন, ‘মেয়রের বিষয়ে দল যে সিদ্ধান্ত নিয়েছে, তাতে আমরা গাজীপুর মহানগর আওয়ামী লীগ সন্তুষ্ট। এখন আমরা চাই, তিনি যেহেতু দলীয় প্রতীকে মেয়র হয়েছেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে তার মেয়র পদ যেন না থাকে। সে জন্য দল থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।’
এদিকে, মেয়রকে আজীবন দল থেকে বহিষ্কারের ঘোষণা পর থেকে গাজীপুরের বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করতে দেখা গেছে। মেয়রের এই সিদ্ধান্তে খুশি আওয়ামী লীগের একাংশ।
