সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো: রংপুর সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের শ্রমজীবী ভূমিহীনদের গৃহ নির্মাণের দাবিতে বৃহস্পতিবার সকালে নগরীর শাপলা চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রংপুর জেলা বাসদের উদ্যোগে এই সমাবেশ ও শতাধিক ভূমিহীনের লালপতাকার মিছিল শেষে ডিসি অফিসে স্মারকলিপি পেশ করা হয়।
জেলা বাসদ আহবায়ক কমরেড আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে সংহতি জানিয়ে এসময় বক্তব্য দেন কমিউনিস্ট পার্টির রংপুর জেলার সাধারণ সম্পাদক কমরেড শাহীন রহমান, বাংলাদেশ জাসদ রংপুর মহানগর সভাপতি গৌতম রায়, জেলা বাসদের সদস্য অমল সরকার, সাদেক হোসেন, মিজানুর রহমান, বাসদের জেলা সদস্য সচিব কমরেড মমিনুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, দেশের দারিদ্র্যপীড়িত ১০ জেলার মধ্যে রংপুর বিভাগেই আটটি। এই অঞ্চলে ভারী কোন শিল্প কারখানা ও গ্রামাঞ্চলে সারাবছর কাজ না থাকায় বিভাগীয় এই শহরে জনসংখ্যা বেড়েই চলেছে। ভূমিহীন-গৃহহীন শ্রমজীবীদের একটা বিরাট অংশই রিকশা-ভ্যানচালক, দোকান কর্মচারী, হকার, বাসাবাড়ির কাজের বুয়া ও ছোট ছোট ভাসমান দোকানদার।
এরা কোনরকমে ঝুঁপড়ি ঘরে, কেউ অন্যের জায়গায় দিনাতিপাত করছে। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে তারা কোনভাবেই টিকে থাকতে পারছে না। মুজিব বর্ষে কেউ গৃহহীন থাকবে না-সরকারের এমন ঘোষণার পরও এইসব মানুষদের বিষয়ে কার্যকর কোন পদক্ষেপ নেই। তারা অগ্রাধিকার দিয়ে রংপুর সিটির প্রকৃত ভূমিহীনদের ভূমি ও স্থায়ী গৃহ নির্মাণের জোর দাবি জানান।
