Home ফিচার এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় বসছে ১৪ লাখ শিক্ষার্থী

এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় বসছে ১৪ লাখ শিক্ষার্থী

0
88

নজর২৪, ঢাকা- এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামী ২ ডিসেম্বর। এবারের পরীক্ষায় মোট ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ জন শিক্ষার্থী অংশ নেবেন। গত বছরের চেয়ে এবার পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৩৩ হাজার ৯০১ জন।

 

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) নিজ দফতরে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এসব কথা জানান।

 

শিক্ষামন্ত্রী বলেন, ‘আগামী ২ ডিসেম্বর থেকে এইচএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। পরীক্ষা ৩০ ডিসেম্বর পর্যন্ত চলবে। পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানে আগামী ২৫ নভেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।’

 

তিনি বলেন, এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ জন শিক্ষার্থীর অংশ নিচ্ছেন। এদের মধ্যে ছাত্র সাত লাখ ২৯ হাজার ৭৩৮ জন এবং ছাত্রী ছয় লাখ ৬৯ হাজার ৯৫২ জন। সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়ার প্রয়োজনীয় সব আয়োজন সম্পন্ন করা হয়েছে।

 

বৈশ্বিক মহামারি করোনার কারণে ২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা হয়নি। ওই বছর শিক্ষার্থীদের অটোপাস দেওয়া হয়। ধীরে ধীরে করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় চলতি বছর এ পরীক্ষার আয়োজন করে শিক্ষা মন্ত্রণালয়।

 

সংবাদ সম্মেলনে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মো. গোলাম ফারুক উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here