স্পোর্টস আপডেট ডেস্ক- টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভরাডুবির পর চারদিক থেকে সমালোচনার তীর ছুটে আসছিল অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ এবং তার দলের দিকে। ঠিক তখনই মাননীয় প্রধানমন্ত্রী ক্রিকেটারদের হতাশ না হওয়ার পরামর্শ দেন।
সেই সঙ্গে সকলকে ধৈর্য ধরার আহ্বানও জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর এমন বক্তব্যে অনুপ্রেরণা পাচ্ছেন বলে জানিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি জানান, প্রধানমন্ত্রীর এমন সমর্থন বাংলাদেশকে অনুপ্রেরণা জুগাবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দলের পারফরম্যান্স সন্তুষ্ট করতে পারেনি ক্রিকেটভক্তদের। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে করছেন, এ নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। বরং ক্রিকেটারদের আরও বেশি অনুশীলন করা ও মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। সবার প্রতি আহ্বান জানিয়েছেন ধৈর্য ধরতে। একইসঙ্গে তিনি প্রশ্নকর্তা সাংবাদিককেও পাল্টা প্রশ্ন করেছেন— তিনি নিজে কখনো ক্রিকেট খেলেছেন কি না।
গত বুধবার (১৭ নভেম্বর) সরকারি বাসভবন গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কয়েকজন গণভবন প্রান্তে এবং বাকিরা তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় প্রান্তে উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘কেন, আপনি এত হতাশ হন কেন? আমি এই হতাশা দেখতে চাই না। কয়েকটা খেলা তো তারা খুব চমৎকার খেলেছে। একেই তো প্যানেডেমিকের সময়ে সে রকম ইয়ে হয়নি। মানে করোনার কারণে প্র্যাকটিস করতে পারেনি। তারপরও বাংলাদেশে আজকে বিশ্বকাপে খেলছে, বেশ কয়েকটি দেশকে হারাতে পেরেছে, এটাই তো বড় কথা।’
প্রধানমন্ত্রীর বক্তব্য শুনেছেন মাহমুদউল্লাহ। পাকিস্তানের বিপক্ষে সিরিজের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘এটা আমি শুনেছি ও দেখেছি। মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। উনার কথা আমাদের আরও অনেক অনুপ্রাণিত করবে। সত্যি কথা বলতে, আমাদের দলের জন্য এটা অনেক ইতিবাচক একটা কথা।’
মাহমুদউল্লাহ আরও বলেন, ‘উনি যেভাবে আমাদের সবসময় অনুপ্রাণিত করেন, যেভাবে আগলে রাখেন, যেভাবে সাপোর্ট করেন, এটা অবিশ্বাস্য। এজন্য তাকে অনেক ধন্যবাদ। আমরা এতটুকু নিশ্চিত করব যেন নিজেদের শতভাগের বেশি দিয়ে খেলার চেষ্টা করতে পারি।’
