মহাখালীতে ‘হাফপাস’র দাবিতে আন্দোলন, ভিপি নুরের লোক বলে হামলা

নজর২৪, ঢাকা- রাজধানীর মহাখালীতে বাসের ‘হাফপাস’ ভাড়ার দাবিতে রাস্তায় নামা শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটছে। এ ঘটনায় কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।

 

বুধবার (১৭ নভেম্বর) মহাখালী তিতুমীর কলেজের সামনে এ ঘটনা ঘটে।

 

এ বিষয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তারা রাস্তায় অবস্থান করার ১০-১৫ মিনিট পর তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের প্রায় ৪০ জন কর্মী তাদের ওপর হামলা করেন। হামলাকারীরা আন্দোলনরত শিক্ষার্থীদের (সাবেক) ভিপি নুরের (নুরুল হক নুর) লোক ও বহিরাগত বলে মারধর করেন।

 

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগের মহাখালী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আশফাক আহমেদ বলেন, তিতুমীর কলেজ ও আশপাশের আরও কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বাসে হাফপাস ভাড়ার দাবিতে বেলা এগারটার দিকে আন্দোলন করছিলেন। রাস্তা অবরোধ করে তারা এ আন্দোলন করছিলেন।

 

এ সময় শিক্ষার্থীদের আরেকটা গ্রুপের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের ঝামেলা হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে টিম পাঠাই। কিন্তু টিম পৌঁছার আগেই শিক্ষার্থীরা ঘটনাস্থল ছেড়ে চলে যায়। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *