পতাকা লাগিয়ে কিসের প্র্যাকটিস? নাটক, ভন্ডামি : তথ্য প্রতিমন্ত্রী

নজর২৪, ঢাকা- বাংলাদেশে নিজ দেশের পতাকা উড়িয়ে প্র্যাকটিস করার ঘটনায় পাকিস্তান ক্রিকেট দলকে ফেরত পাঠানোর দাবি করেছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি।

 

মঙ্গলবার (১৬ নভেম্বর) রাতে চট্টগ্রাম প্রেসক্লাবে বাতিঘর পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন।

 

মুরাদ হাসান বলেন, আমি মনে করে পতাকাসহ তাদের পাকিস্তানে ফেরত পাঠিয়ে দেওয়া উচিত। আমাদের চেতনায়, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। পাকিস্তানের পতাকা লাগিয়ে কীসের প্র্যাকটিস। নাটক; সিনেমা; ভণ্ডামি। এগুলো করতে দেওয়া উচিত না।

 

প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর কন্যা, আমাদের পরম মমতাময়ী মা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের ক্রিকেটকে আজ সারাবিশ্বে উচ্চমানে উন্নীত করেছে এবং পরিচিতি দিয়েছেন। সে কারণে সারাবিশ্বের ক্রিকেট দল বাংলাদেশে আসবে এবং খেলবে এটা স্বাভাবিক।

 

কিন্তু ৩০লক্ষ শহীদের রক্তের বিনিময়ে ৭১-এ আমরা যাদেরকে পরাজিত করেছি সে ঘৃণার পাকিস্তান দলের খেলোয়াড়রা মুজিব শতবর্ষে এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনকালে পাকিস্তানী চাঁদতারা পতাকা দিয়ে বাংলাদেশে প্র্যাকটিস করার ঘটনা কোনোভাবেই মেনে নেয়া যায় না এবং মেনে নিতে পারি না।

 

এই ঘটনার জন্য পাকিস্তানী টিমকে তাদের পতাকাসহ স্বদেশে ফেরত পাঠানোর দাবি করেন তথ্য প্রতিমন্ত্রী। তিনি বলেন, খেলোয়াড়দের নিয়ে আমার কোনো কথা নেই। কিন্তু প্র্যাকটিসের সময় পাকিস্তান চাঁদ-তারা খচিত পতাকা নিয়ে মাঠে যাবে এটা কোনোভাবেই মেনে নেয়া যায় না। এটা আমি কোনোভাবেই সমর্থন করি না।

 

উল্লেখ্য, সোমবার মিরপুরের একাডেমিতে পাকিস্তান দল নিজেদের জাতীয় পতাকা টানিয়ে অনুশীলন করেছে। সামাজিক মাধ্যমে সেই ছবি ভাইরাল হওয়ার পরই বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। গ্যালারিতে উচ্ছ্বাস প্রকাশে পতাকা দোলানোর নিয়ম-নীতি থাকলেও অনুশীলনের সময় সরাসরি মাটিতে পাকিস্তানের পতাকা গাঁথাকে অনুচিত মনে করছেন অনেকে।

 

মিরপুরে পাকিস্তান দলের অনুশীলনের মাঝেই একাডেমির নেটের বামপাশে দুটি পতাকা নিয়ে হাজির হন পাকিস্তানের কোচিং স্টাফ। দুই নেটের দুই পাশে দুটো পতাকা গেঁড়ে অনুশীলন শুরু করেন তারা। বাংলাদেশে আগে কখনও কোনও সফরকারী দল এভাবে নিজ দেশের পতাকা টানিয়ে অনুশীলন করেনি। এ নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *