বিনোদন ডেস্ক- ভারতের দক্ষিণী সিনেমার অভিনেতা আল্লু অর্জুনের পরবর্তী সিনেমা ‘পুষ্পা’। অ্যাকশন-ড্রামা ঘরানার এ সিনেমা পরিচালনা করছেন সুকুমার। এতে একটি আইটেম গান রাখার পরিকল্পনা করেছেন নির্মাতারা।
আর এই গানে পারফর্ম করবেন সামান্থা রুথ প্রভু। গানের শুট হবে মাত্র চারদিন, হায়দরাবাদের রামোজি রাও ফিল্মসিটির বিশেষ সেটে। এই এক গানের জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন এই অভিনেত্রী।
গ্রেটঅন্ধ্র ডটকমের খবরে বলা হয়, এই চারদিন গানের শুট করতে সামান্থা পারিশ্রমিক হাঁকিয়েছেন এক কোটি ৭৫ লাখ রুপি (বাংলাদেশের মুদ্রায় দুই কোটি টাকার বেশি), ট্যাক্স ও অন্যান্য খরচ মিলে দুই কোটি রুপি ছাড়াবে।
পরিচালক সুকুমার আগেও তার নির্মিত সিনেমায় আইটেম গান ব্যবহার করেছেন। যা দর্শকদের হৃদয় হরণ করেছে। তার একাধিক সিনেমার আইটেম গানে সামান্থা রুথ প্রভু, পূজা হেগড়ের মতো অভিনেত্রীদের দেখা গেছে। কিছু দিন ধরে গুঞ্জন উড়ছিল, সিনেমাটির আইটেম গানের জন্য আবেদনময়ী কোনো নায়িকা খুঁজছেন আল্লু অর্জুন ও সুকুমার। সর্বশেষ সামান্থাকে বেছে নিয়েছেন তারা।
বহুল প্রতীক্ষিত ‘পুষ্প: দ্য রাইজ পার্ট ওয়ান’ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এ বছরের ১৭ ডিসেম্বর। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তারকা অভিনেতা আল্লু অর্জুন, ফাহাদ ফাসিল ও রশ্মিকা মন্দানা।
সিনেমাটিতে শ্রীভাল্লির ভূমিকায় অভিনয় করেছেন রশ্মিকা মন্দানা এবং লরি ড্রাইভার পুষ্প রাজের ভূমিকায় অভিনয় করেছেন আল্লু অর্জুন। সিনেমাটি তেলেগু, তামিল, কন্নড়, মালয়ালাম ও হিন্দি ভাষায় মুক্তি পাবে। সংগীতায়োজন করেছেন দেবী শ্রী প্রসাদ।
