বিনোদন ডেস্ক: অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত নামজাদা এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডস (অ্যাপসা) থেকে ‘রেহানা মরিয়ম নূর’ একসঙ্গে দুটি স্বীকৃতির প্রাপ্তির পর সম্প্রতি হংকং থেকে এসেছে আরেকটি সুখবর। আব্দুল্লাহ মোহাম্মদ সাদের এই ছবিটি হংকং এশিয়ান ফিল্ম ফেস্টিভালের নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ড জিতে নিয়েছে।
এর আগে আলোচিত ‘রেহানা মরিয়ম নূর’ ৭৪তম কান চলচ্চিত্র উৎসবের আঁ সার্তে রিগা বিভাগের জন্য নির্বাচিত হয়। পুরস্কার না জিতলেও প্রশংসা কুড়ায় সিনেমাটি। শুক্রবার থেকে দেশের ১২ সিনেমা হলে মুক্তি পেয়েছে এই সিনেমা। এতে নাম ভূমিকায় অভিনয় করে প্রশংসিত হচ্ছেন আজমেরী হক বাঁধন।
দেশের পর্দায় প্রদর্শিত হচ্ছে চলচ্চিত্রটি, আর এই প্রদর্শনীতে মাঝে মাঝেই পুরো দলের সঙ্গে হাজির হচ্ছেন বাঁধন। দর্শকদের সাড়ায় অভিভূত বাঁধন। বলতে গেলে রেহানা মরিয়ম নূর নিয়ে তিনি এখন ভাসছেন, উড়ছেন। সিনেমা দেখে এসে দর্শকরা সোশ্যাল মিডিয়ায় অবিব্যক্তি প্রকাশ করছেন। অধিকাংশই ইতিবাচক, তাঁর অভিনয়ের প্রশংসা।
বিষয়টি নিয়ে মঙ্গলবার (১৬ নভেম্বর) সন্ধায় গণমাধ্যমকে বাঁধন বলেন, আমার এই সাফল্যের পেছনে হাজার হাজার ব্যর্থতার গল্প আছে। আমি অনেক ব্যর্থ হয়ে আজকে এখানে এসেছি। আমাদেরকে ব্যর্থ হতে শিখতে হবে। আমাদেরকে ওইটা মেনে নিতে হবে জীবনে আসলে অনেক কিছু ঘটতে পারে। ওইটা মেনে নেওয়ার পরই আমার জীবন সহজ হয়েছে।
তিনি বলেন, এখন আমার ওই চাপটা লাগেনা, যে এরপরে আবার ভুল হবে কিনা। আমি যতটুকু পেয়েছি অনেক। আসলে শুধুমাত্র পরিশ্রম দিয়ে মানুষ অনেক কিছু করতে পারে। সেটার খুব বেশি উদাহারণ বা দৃষ্টান্ত আমরা দিতে পারি না। সেই দৃষ্টান্তের একটা অংশ আমি।
আক্ষেপ করে বাঁধন বলেন, আমার দেশে আমাকে কখনো ভালো মাপের অভিনেত্রী হিসেবে ধরা হয়নি। ওই জায়গা থেকে আমি যখন সেরা পুরস্কার পেয়েছি, অবশ্যই সেটা আমার জন্য বড় একটা প্রাপ্তি। আমি বলতে চাই যারা যে কাজই করুক না কেন, সততার সাথে কাজ করলে সেটার একটা ফল পাবেই।
উল্লেখ্য, চলতি বছরের জুলাইয়ে ৭৪তম কান চলচ্চিত্র উৎসবের প্রথম কোনো বাংলাদেশি সিনেমা হিসেবে অফিসিয়াল সিলেকশনে জায়গা পেয়েছিল ‘রেহানা মরিয়ম নূর’; উৎসবে প্রদর্শনের পর বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও আলোচিত হয়েছে।
কানের পর আগামী বছরের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অস্কারের ৯৪তম আসরের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম (বিদেশী ভাষা প্রতিযোগিতা) বিভাগে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করবে এ সিনেমা।
রেহানা মরিয়ম নূর নামে মেডিকেল কলেজের একজন সহকারী অধ্যাপকের জীবন সংগ্রামের গল্পে নির্মিত এ ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।
অভিনয় করেছেন আফিয়া জাহিন জাইমা, কাজী সামি হাসান, আফিয়া তাবাসসুম বর্ন, ইয়াছির আল হক, সাবেরী আলমসহ আরও অনেকে।
কানে প্রদর্শনের পর ভ্যারাইটি, হলিউড রিপোর্টার, এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া, স্ক্রিন ডেইলিসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে এসেছে ‘রেহানা মরিয়ম নূর’; প্রকাশিত রিভিউয়ে নির্মাণ, গল্প ও অভিনয় প্রশংসিত হয়েছে।
সিনেমাটি দেখে বলিউডের নির্মাতা অনুরাগ কাশ্যপ একে ভারতীয় উপ মহাদেশের ‘শক্তিশালী চলচ্চিত্র’ হিসেবে বর্ণনা করেছেন। নির্মাতা, অভিনয়শিল্পী ও কলাকুশলীদের জানিয়েছেন শুভকামনা।
পোটোকল ও মেট্রো ভিডিওর ব্যানারে এ সিনেমার প্রযোজনা করেছেন সিঙ্গাপুরের প্রযোজক জেরেমী চুয়া, নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু ও সহ-প্রযোজনা করেছেন রাজীব মহাজন, আদনান হাবিব, সাঈদুল হক খন্দকার।
