অন্য সংগঠনের লোক পাই না, সব আওয়ামী লীগ : মুক্তিযুদ্ধমন্ত্রী

নজর২৪, ঢাকা- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বর্তমানে অন্য কোন সংগঠনের লোক পাই না; সব আওয়ামী লীগ। আমাদের অনেক লোক এখন ঘোরের মধ্যে আছে, তাই সতর্ক থাকতে হবে।

 

মঙ্গলবার (১৬ নভেম্বর) রাজধানীর এটিএন বাংলার অডিটোরিয়ামে ‘মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন’ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

 

তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী লোকজন ভুল পথে হাঁটছে। এ পরিস্থিতিতে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস জানাতে হবে, কেন স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ হয়েছিল। তাদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় যথাযথভাবে তৈরি করতে হবে।

 

বঙ্গবন্ধুর ৭ই মার্চে ঐতিহাসিক ভাষণকে পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণ উল্লেখ করে তিনি বলেন, বঙ্গবন্ধুর ভাষণ ছিল পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণ। তিনি ছিলেন শ্রেষ্ঠ শাসক এবং শ্রেষ্ঠ দেশপ্রেমিক।

 

মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। দেশকে আরো শক্তিশালী করতে হবে জাতির জনক বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজকে সম্পন্ন করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

 

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী বলেন, দেশ ও দেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার আগে এখনো ষড়যন্ত্র চলছে। পরাজিত শত্রুরা এখনো সক্রিয়। তিনি মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির সবাইকে ঐক্যবদ্ধ এবং সতর্ক থাকার আহ্বান জানান।

 

মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও মুক্তিযুদ্ধের সাব সেক্টর কমান্ডার অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল কামরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ কলাবাগান থানা কমান্ডার কামাল মহিউদ্দিন, প্রচার সম্পাদক মো. সহিদুল ইসলাম রানা এবং কেন্দ্রীয় সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *