এগুলো আমাকে বেশ স্পর্শ করছে : বাঁধন

বিনোদন ডেস্ক- দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আলোচিত সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’। আবদুল্লাহ মোহাম্মাদ সাদের পরিচালনায় এতে নাম ভূমিকায় অভিনয় করে প্রশংসিত হচ্ছেন আজমেরী হক বাঁধন।

 

শুক্রবার থেকে ঢাকাসহ দেশের ১২টি প্রেক্ষাগৃহে হলে প্রদর্শিত হচ্ছে চলচ্চিত্রটি, আর এই প্রদর্শনীতে মাঝে মাঝেই পুরো দলের সঙ্গে হাজির হচ্ছেন বাঁধন। দর্শকদের সাড়ায় অভিভূত বাঁধন। বলতে গেলে রেহানা মরিয়ম নূর নিয়ে তিনি এখন ভাসছেন, উড়ছেন।

 

সিনেমা দেখে এসে দর্শকরা সোশ্যাল মিডিয়ায় অবিব্যক্তি প্রকাশ করছেন। অধিকাংশই ইতিবাচক, তাঁর অভিনয়ের প্রশংসা।

 

রবিবার (১৪ নভেম্বর) দুপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আজমেরি হক বাঁধন বলেন, ‘বেশ ভালো সাড়া পাচ্ছি। মানুষ এই সিনেমা নিয়ে কথা বলছে, ভালো মন্দ বলছে- আমাকে বেশ স্পর্শ করছে।’

 

বাঁধন কয়েকটি ছবি প্রকাশ করেছেন, যেখানে প্রকাশ পেয়েছে তাঁর উচ্ছ্বাস। স্টার সিনেপ্লেক্সের মহাখালী এসকেএস টাওয়ারে তোলা ওই কয়েকটি ছবি বলে দিচ্ছে বাঁধনের মনের ভাষা।

 

এদিকে ৯৪তম অস্কারের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগেও দেশের প্রতিনিধিত্ব করবে ‘রেহানা মরিয়ম নূর’। সিনেমার কাহিনি আবর্তিত হয়েছে বেসরকারি মেডিক্যাল কলেজের শিক্ষক রেহানা মরিয়ম নূরকে কেন্দ্র করে। সেখানে রেহানা একজন মা, মেয়ে, বোন ও শিক্ষক। এক সন্ধ্যায় কলেজ থেকে বের হয়ে তিনি এমন এক ঘটনা প্রত্যক্ষ করেন, যা তাকে প্রতিবাদী করে তোলে।

 

এক ছাত্রীর পক্ষ হয়ে সহকর্মী এক শিক্ষকের বিরুদ্ধে দাঁড়াতে বাধ্য হন রেহানা। একই সময়ে তার ৬ বছরের মেয়ের বিরুদ্ধে স্কুল থেকে রূঢ় আচরণের অভিযোগ করা হয়। এমন অবস্থায় রেহানা তথাকথিত নিয়মের বাইরে থেকে সেই ছাত্রী ও তার সন্তানের জন্য ন্যায়বিচার খুঁজতে থাকেন।

 

উল্লেখ্য, কান চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল সিলেকশনে বাংলাদেশে প্রথম ছবি হিসেবে জায়গা করে নেয় আব্দুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’। সেখানে প্রশংসিত হন বাঁধন। এছাড়া সম্প্রতি অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডস (অ্যাপসা) সেরা অভিনেত্রীর স্বীকৃতি পেয়েছেন আজমেরী হক বাঁধন। সেই সঙ্গে অ্যাপসায় দ্বিতীয় সেরা পুরস্কার জিতেছে আব্দুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’।

 

দেশটির কুইন্সল্যান্ডের গোল্ড কোস্ট শহরে গত বৃহস্পতিবার (১১ নভেম্বর) অ্যাপসা বিজয়ীদের তালিকা ঘোষণা করা হয়। এতে ২৫টি এশিয়া প্যাসিফিক দেশের মোট ৩৮টি ছবি মনোনয়ন তালিকায় ছিলো এবার। এরমধ্যে যৌথভাবে ‘জুরি গ্র্যান্ড প্রাইজ’ (উৎসবের দ্বিতীয় পুরস্কার) জিতে নিয়েছে সাদের ‘রেহানা মরিয়ম নূর’ এবং অস্ট্রেলিয়ার সিনেমা ‘দ্য ড্রোভারস ওয়াইফ: দ্য লিজেন্ড অব মলি জনসন’।

 

‘রেহানা মরিয়ম নূর’ সিনেমায় বাঁধন ছাড়াও অভিনয় করেছেন সাবেরী আলম, আফিয়া জাহিন জায়মা, আফিয়া তাবাসসুম বর্ণ, কাজী সামি হাসান, ইয়াছির আল হক, জোপারি লুই, ফারজানা বীথি, জাহেদ চৌধুরী মিঠু, খুশিয়ারা খুশবু অনি ও অভ্রদিত চৌধুরী। পোটোকল ও মেট্রো ভিডিও’র ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন সিঙ্গাপুরের প্রযোজক জেরেমি চুয়া ও বাংলাদেশের রাজীব মহাজন। শুক্রবার (১২ নভেম্বর) দেশের ১০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *