নজর২৪, ঢাকা- পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘সীমান্ত হত্যা ভারতের জন্য লজ্জার। আর বাংলাদেশের জন্য দুঃখজনক’। রোববার (১৪ নভেম্বর) এক প্রেস কনফারেন্সে সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) ২১তম সম্মেলন নিয়ে এই প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়।
সীমান্তে বাংলাদেশি মানুষকে হত্যার বিষয়ে মন্তব্য জানতে চাইলে ড. মোমেন বলেন, ‘সীমান্ত হত্যা ভারতের জন্য লজ্জার। আর বাংলাদেশের জন্য দুঃখজনক। আমরা সীমান্তে কোনো হত্যা দেখতে চায় না। দুই দেশই সীমান্তে লিথ্যল উইপন (প্রাণঘাতী অস্ত্র) ব্যবহার না করতে সম্মত হয়েছে। তারপরও সীমান্ত হত্যা, আমাদের জন্য দুঃখের, আর ভারতের জন্য লজ্জার।
আগামীকাল অনুষ্ঠিত হতে যাওয়া ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়শনে বিভিন্ন দেশের ১২ জন মন্ত্রী এবং ২৩টি দেশের প্রতিনিধিরা যোগ দেবেন। অনুষ্ঠানের প্রথম ২ দিন ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যায়ের হবে এবং তৃতীয় দিন মন্ত্রী পর্যায়ের বৈঠক হবে।
বৈঠকে ভারত মহাসাগরের সম্পদ সর্বোত্তমভাবে ব্যবহারের উপায় নিয়ে আলোচনা করা হবে, যা মূলত অব্যবহৃত আছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ বলবে যে, আমরা মুক্ত, উন্মুক্ত, অন্তর্ভুক্তিমূলক এবং আন্তর্জাতিক নিয়ম-ভিত্তিক ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল চাই। আমরা কোনো দেশ বা দলের একতরফা আধিপত্য চাই না।’
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং মেরিন অ্যাফেয়ার্স ইউনিটের সচিব রিয়ার অ্যাডমিরাল খুরশেদ আলমও সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।
