বিনোদন ডেস্ক- বলিউডের আলোচিত জুটি অভিনেত্রী শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রা। ঝামেলা যেন তাদের পিছুই ছাড়ছে না। ফের আইনি জটিলতায় তারা।
গত জুলাইয়ে প র্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার হন শিল্পার স্বামী রাজ কুন্দ্রা। এরপর তাদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে। এর মধ্যেই এই তারকা দম্পতির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছেন নীতিন বারাই নামের এক ব্যক্তি।
বান্দ্রা থানায় রাজ-শিল্পার বিরুদ্ধে ১.৫১ কোটি রুপির প্রতারণা মামলাও দায়ের করেছেন তিনি।
ভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, পুলিশি অভিযোগে নীতিন জানিয়েছেন, ২০১৪ সালে এসএফএল ফিটনেস প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর কাশিফ খান এবং শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রা তাকে মোটা লাভের লোভ দিয়ে ১ দশমিক ৫১ কোটি টাকা বিনিয়োগের জন্য রাজি করান।
ফিটনেস স্কিম থেকে মোটা টাকা লাভ হবে এমন আশ্বাস দেয়া হয়েছিল নীতিনকে। কিন্তু সেই প্রজেক্ট এগোয়নি দাবি অভিযোগকারীর। পরবর্তীতে টাকা ফেরত চাইলে তাকে হুমকি দেয়া হয় বলে জানিয়েছেন ওই ব্যক্তি।
এফআইআরের পর শিল্পা-রাজের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
প র্নো ছবি বানানো ও তা বিশেষ অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে গত ১৯ জুলাই গ্রেপ্তার হন রাজ কুন্দ্রা। তার দুই মাস পর ২০ সেপ্টেম্বর মুম্বাই হাইকোর্ট তাকে জামিন দেয়।
