নজর২৪, ঢাকা- শারীরিক অবস্থার কিছুটা অবনতি হওয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেয়া হয়েছে।
সাবেক এ প্রধানমন্ত্রীকে রোববার ভোর সাড়ে ৫টার সময় সিসিইউতে নেয়া হয় বলে দুপুরে নিউজবাংলাকে নিশ্চিত করেছেন এভারকেয়ারের একজন চিকিৎসক।
তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হওয়ায় তাকে অবজারভেশনের জন্য সিসিইউতে নেয়া হয়েছে। সিসিইউতে নেয়ার পর যে ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হয়, সেই পরীক্ষা চলমান রয়েছে।’
তবে এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে কোনোকিছু জানানো হয়নি।
বিএনপির প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, এ বিষয়ে চিকিৎসকরা ভালো বলতে পারবেন।
খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান এ জে এম জাহিদ হোসেন বলেন, ম্যাডামকে গত রাতে সিসিইউতে নেওয়া হয়েছে।
এদিকে, হাসপাতাল সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, শনিবার হাসপাতালে ভর্তি হওয়ার পর খালেদা জিয়ার এন্ডোস্কপি করা হয়। পরে ভোরে তাকে কেবিন থেকে সিসিইউতে নেওয়া হয়।
এর আগে, টানা ২৬ দিন হাসপাতালে চিকিৎসা শেষে ৭ নভেম্বর সন্ধ্যায় বাসায় ফেরেন খালেদা জিয়া। ১২ অক্টোবর খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ২৫ অক্টোবর খালেদা জিয়ার শরীর থেকে নেওয়া টিস্যুর বায়োপসি করা হয়।
