বিনোদন ডেস্ক- গতকাল শুক্রবার (১২ নভেম্বর) মুক্তি পেয়েছে বহুল আলোচিত প্রতীক্ষিত সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’। বিশ্বের দরবারে ব্যাপক প্রশংসা ও সম্মান অর্জন করেছে। তাই দেশের সিনেমা প্রেমীরা ‘রেহানা মরিয়ম নূর’ দেখার জন্য অধীর আগ্রহে ছিলেন। যার প্রমাণ মিলল সিনেমা হলে।
মুক্তির প্রথম দিনেই সারা ফেলেছে আবদুল্লাহ মোহম্মাদ সাদ পরিচালিত এবং আজমেরি হক বাঁধন অভিনীত এই ছবি। প্রতিটি প্রদর্শনীই ছিলো ‘হাউসফুল’।
প্রথম দিনে টিকেট না পেয়েও ঘরে ফিরে গেছে অনেক দর্শক। এছাড়াও সিনেমাটি দেখে দর্শকের প্রশংসাতেও ভাসছে পুরো টিম।
রাজধানীর মহাখালীর এসকেএস স্টার সিনেপ্লেক্স। আর এখানেই রেহানা মরিয়ম নূরের সন্ধ্যাকালীন শো দেখার জন্য শুক্রবার ভিড় করেছিলেন শতশত দর্শক।
যারা টিকেট পেয়েছেন তারা নিজেদের সৌভাগ্যবান মনে করেছেন। সেই সঙ্গে নির্মাণের স্বকীয়তা আর ভিন্ন আঙ্গিকের সিনেমাটি দেখে মুগ্ধতাও প্রকাশ করেছেন দর্শকেরা।
তবে সত্য প্রকাশের সাহস দেখানো রেহানা মরিয়ম নূর যে দর্শকের ভাবনাতেও নাড়া দিয়েছে সেকথাও জানা গেল দর্শকদের কাছ থেকেই।
সিনেমাটির প্রযোজক ও কলাকুশলীরা সারাদিন ঘুরেছেন বিভিন্ন প্রেক্ষাগৃহে আর জানিয়েছেন এসকেএস এর মত অন্যান্য প্রেক্ষাগৃহের প্রতিটি শো’ই ছিল দর্শকে পূর্ণ।
সিনেমার পরিচালক সাদ মনে করেন, আগামী দিনগুলোতে দর্শকেরা ভিড় আরো বাড়বে। দেশের ১২টি হলে একযোগে চলছে ‘রেহানা মরিয়ম নূর’।
প্রসঙ্গত. কান চলচ্চিত্র উৎসবে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। এরপর মেলবোর্ন চলচ্চিত্র উৎসব, বিএফআই লন্ডন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, হংকং এশিয়া চলচ্চিত্র উৎসব, বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, সিডনি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবসহ মোট ১৩টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে সিনেমাটি।
অপেক্ষায় আছে সিঙ্গাপুরসহ বেশ কিছু দেশে প্রদর্শিত হওয়ার জন্য।
এদিকে প্রেক্ষাগৃহে মুক্তির আগের দিন (বৃহস্পতিবার) এই সিনেমার অর্জনের খাতায় যোগ হয়েছে আরো দুটি সম্মাননা। যার একটি পেয়েছেন সিনেমাটির নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদ, অন্যটি পেয়েছেন আজমেরী হক বাঁধন।
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত নামজাদা এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডস (অ্যাপসা) জিতলেন সাদ আর অভিনয়ের জন্য সেরার স্বীকৃতি পেয়েছেন বাঁধন। দেশটির কুইন্সল্যান্ডের গোল্ড কোস্ট শহরে ১১ নভেম্বর অ্যাপসা বিজয়ীদের তালিকা ঘোষণা করা হয়। এতে ২৫টি এশিয়া প্যাসিফিক দেশের মোট ৩৮টি ছবি মনোনয়ন তালিকায় ছিল এবার।
এর মধ্যে যৌথভাবে ‘জুরি গ্র্যান্ড প্রাইজ’ (উৎসবের দ্বিতীয় পুরস্কার) জিতে নিয়েছেন বাংলাদেশের সাদ এবং অস্ট্রেলিয়ার সিনেমা ‘দ্য ড্রোভারস ওয়াইফ : দ্য লিজেন্ড অব মলি জনসন’।
এ বছর সেরা অভিনেত্রী বিভাগে ৫ জন পেয়েছিলেন মনোনয়ন। এর মধ্যে চূড়ান্ত বিচারে সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন ‘রেহানা’ চরিত্রে অভিনয় করা আজমেরী হক বাঁধন।
