শেখ হাসিনাকে ‘বিরল’ সম্মান দেখিয়েছে ফ্রান্স

নজর২৪ ডেস্ক- প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ফ্রান্স এবার বিরল সম্মান দেখিয়েছে বলে মন্তব্য করেছেন দেশটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার মোহাম্মদ তালহা। আর সরকারপ্রধানের এবারের ফ্রান্স সফরকে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

 

প্রধানমন্ত্রীর প্যারিস সফরকালীন আবাসস্থল হোটেল ইন্টারকন্টিনেন্টালে শুক্রবার স্থানীয় সময় দুপুরে এক ব্রিফিংয়ে আব্দুল মোমেন বলেন, ‘এবার প্রধানমন্ত্রীর ফ্রান্স সফর ঐতিহাসিক। এই সফরে তিনি যে সম্মান পেয়েছেন তেমনটা আগে বাংলাদেশের কোনো রাষ্ট্র ও সরকারপ্রধান পাননি।’

 

ব্রিফিংকালে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, রাষ্ট্রদূত খন্দকার মোহাম্মদ তালহা, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন।

 

ফ্রান্স সফরে প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মসূচি, দেশটির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে সম্মান দেয়া হয়েছে তা তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন।

 

বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক, ব্যবসা-বাণিজ্যসহ পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতা নিয়ে যে আলোচনা হয়েছে তা-ও উঠে আসে ব্রিফিংয়ে।

 

ব্রিফিংয়ে রাষ্ট্রদূত খন্দকার মোহাম্মদ তালহা বলেন, ‘প্রধানমন্ত্রীকে ফ্রান্সে যে সম্মান দেখানো হয়েছে তা সত্যিই বিরল। এ থেকে বোঝা যায় যে ফ্রান্স আমাদের সঙ্গে সম্পর্ক আরো উন্নত ও গভীরতর করার ক্ষেত্রে বিভিন্ন সেক্টরে তারা আমাদের সঙ্গে সম্পৃক্ত হতে অত্যন্ত আগ্রহী।’

 

তিনি বলেন, সফরে প্রধানমন্ত্রী অফিসিয়াল কর্মসূচিতে যেখানেই গেছেন সেখানে তাকে সশস্ত্র সালাম ও লালগালিচা সংবর্ধনা দেয়া হয়েছে।

 

মোহাম্মদ তালহা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের মধ্য দিয়ে ইউনেস্কোতেও বাংলাদেশের অবস্থান ও মর্যাদা অনেক উঁচুতে উন্নীত হয়েছে। সারা বিশ্ব এখন বাংলাদেশকে নিয়ে ভাবছে। একইসঙ্গে তারা সহযোগিতার হাতও বাড়িয়ে দিয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *