মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: মীরসরাইয়ে বসত ঘরের তীরের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে ইশরাত জাহান রুম্পা (১৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে।
শুক্রবার ১১ নভেম্বর দুপুর ১টার সময় নিজ ঘরে এই আত্মহত্যার ঘটনা ঘটে। ঘটনার পর পরিবারের লোকজন ঝুলন্ত অবস্থা থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাজমীর মাহমুদ ইশরাতকে মৃত ঘোষণা করেন। নিহত গৃহবধূ জোরারগঞ্জ থানাধীন ২নং হিঙ্গুলী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডস্থ মেহেদী নগর গ্রামের তাজুল ইসলাম ড্রাইভার বাড়ীর নজরুল ইসলামের স্ত্রী।
নিহতের বড় বোন নুসরাত জাহান মুক্তা বলেন, তারা ৩ বোন ১ ভাই। ইশরাত সবার ছোট। চলতি বছরের গত ২৫ মে ইশরাত আর নজরুল তারা নিজেরা পছন্দ করে বিয়ে করে। বিয়ের পর থেকে বারার বাড়ী থেকে যৌতুক নেয়ার জন্য রুম্পাকে মানসিকভাবে চাপ প্রয়োগ করতো। ঘটনার দিন ঐ বাড়ীর লোকজনের মাধ্যমে তাদের বোন নিহত হয়েছে বলে জানতে পারেন। পরে তারা মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে বোনের নিথর দেহ পড়ে থাকতে দেখেন।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার এসআই রতন কান্তি দে বলেন, খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। প্রাথমিক তদন্ত করে জানতে পারি সে ঘরের তীরের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। এবিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
