বিনোদন ডেস্ক- নন্দিত কথাসাহিত্যিক প্রয়াত হুমায়ূন আহমেদের জন্মদিন শনিবার (১৩ নভেম্বর)। তার স্মরণে নতুন এক গান গাইলেন মেহের আফরোজ শাওন। ‘যদি মন কাঁদে-দ্বিতীয় অধ্যায়’ শিরোনামের এ গানটি হুমায়ূন আহমেদের প্রাণের জায়গা নুহাশপল্লীতে চিত্রায়িত হয়েছে।
‘যদি মন কাঁদে’ শিরোনামের হুমায়ূন আহমেদের এ গানটি শাওনের কণ্ঠে এখনও তুমুল জনপ্রিয়।
‘যদি মন কাঁদে-দ্বিতীয় অধ্যায়’ গানটির কথা লিখেছেন মোহাম্মদ ফজল। আর আগের গানটার মতো এটারও সুর করেছেন এস আই টুটুল। শুক্রবার এই গানটি প্রকাশ করা হয়েছে লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে।
গানটি নিয়ে শুক্রবার রাতে শাওন জানান, হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষেই গানটি করা এবং আজই তা প্রকাশ করা হলো।
প্রথম গানটির কোনো মিউজিক ভিডিও না হলেও দ্বিতীয় অধ্যায়ের গানটির ভিডিও নির্মিত হয়েছে। এটির পরিচালনা ও সিনেমাটোগ্রাফিতে আছেন খায়ের খন্দকার।
খায়ের খন্দকার বলেন, ‘অসাধারণ একটি গান হয়েছে। চেষ্টা করেছি গানটির যথাযথ দৃশ্যায়ন করতে। গানচিত্রটির বিষয় যেহেতু হুমায়ূন স্যার, তাই অন্য রকম একটা রোমাঞ্চকর অনুভূতি কাজ করছে আমার মধ্যে। আমার ধারণা দর্শক-শ্রোতারাও পছন্দ করবেন গানচিত্রটি।’
কথার যাদুকর হুমায়ূন আহমেদ মায়ের প্রথম সন্তান হওয়ায় ১৯৪৮ সালের ১৩ নভেম্বর মাতুলালয় নেত্রকোনার মোহনগঞ্জে জন্মগ্রহণ করেন। তাঁর পৈত্রিক ভিটা নেত্রকোনা জেলার কেন্দুয়া কুতুবপুর গ্রামে।
তিনি আমাদের ছেড়ে যান ২০১২ সালের ১৯ জুলাই। মরণব্যাধি ক্যানসারের চিকিৎসায় যুক্তরাষ্ট্রে যাবার পর সেখানেই তিনি মারা যান। মাত্র ৬৪ বছর বয়সেই তিনি চলে যান না ফেরার দেশে। সেখান থেকে মরদেহ ঢাকায় আনার পর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে লাখো মানুষের অশ্রু পুষ্পতে সিক্ত হন তিনি। ২৪ জুলাই নুহাশপল্লীর লিচুতলায় চিরনিদ্রায় শায়িত করা হয় এই কিংবদন্তিকে।
