সনি পোদ্দারের সঙ্গে পরিচয়-প্রেম কিভাবে?, আদ্যপ্রান্ত জানালেন মিম

বিনোদন ডেস্ক- বুধবার (১০ নভেম্বর) ছিল দেশের অন্যতম মডেল-নায়িকা বিদ্যা সিনহা মিমের জন্মদিন। সবার ধারণা ছিল, বিশেষ এ দিনটি নিয়েই ব্যস্ত থাকবেন নায়িকা। কিন্তু এ দিনেই যে তিনি আরেকটি বিশেষ ঘোষণা দেবেন তা অনুমান করা কঠিন ছিল।

 

বুধবার দিনের আলো নিভতেই মিম তার নিজের ভেরিফায়েড ফেসবুক থেকে জানান বাগদানের কথা। রাত ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করলেন হবু স্বামীর সঙ্গে একান্ত ছবিও।

 

বললেন, ‘৬ বছর আগেই আমার এই এই সুখের যাত্রা। আজ আমার জন্মদিন। আজই সেই সুখের অধ্যায়ের ঘোষণাটি দিলাম। শুরু করলাম জীবনের নতুন অধ্যায়। ফাইনালি এনগেজড!’

 

জানা যায়, রাজধানীর পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে হয় আয়োজন। দুই পরিবারের সদস্য এবং খুব কাছের মানুষরা ছিলেন আয়োজনে। মিমের বাগদত্তার নাম সনি পোদ্দার, বাড়ি কুমিল্লা এবং তিনি একজন ব্যাংক কর্মকর্তা।

 

৬ বছর সম্পর্কে থাকার পর হলো তাদের বাগদান। কিন্তু কীভাবে শুরু হয়েছিল এই সম্পর্কটা? আর কীভাবেই বা তারা এতোদিন লুকিয়ে লুকিয়ে প্রেম করেছেন? সেই গল্প অকপটে আজ গণমাধ্যমের কাছে জানালেন নায়িকা।

 

মিম বলেন, “ওর সঙ্গে আমার পরিচয় সানজিদা অর্নি নামের এক বান্ধবীর মাধ্যমে। সেটাও আবার ফেসবুকে। অর্নির সঙ্গে সনি তখন স্ট্যান্ডার্ড চার্টার্ডে চাকরি করতো। অর্নি আমাকে প্রায়ই জিজ্ঞেস করত আমার লাইফে কেউ আছে কিনা, কারো সঙ্গে প্রেম করি কিনা। আমি একবার মজার ছলেই ওকে বললাম, খোঁজ পেলে দেখ। এরপর ও বলে, ‘দোস্ত একটা ভালো ছেলে আছে। কথা বলবি?’ আমি সরাসরি না করে দেই। কারণ চিনি না, জানি না, কেন কথা বলব!”

 

গল্প এগিয়ে মিম বললেন, ‘অর্নি বলল, বন্ধু হিসেবেই কথা বল। তাই নরমালি বন্ধু হিসেবে কথা বলা শুরু। ফেসবুকে তিনজন মিলে গ্রুপ খুলল। সেই গ্রুপেই কথা বলতাম আমরা। কিছু দিন কথা বলার পর সনি আর আমি মিলে আলাদা কথা বলা শুরু করি! এটা আমার বান্ধবীও জানত না। ও জিজ্ঞেস করত, কথা হয় কিনা। আমি বলতাম, না হয় না তো! অনেক দিন পরে গিয়ে ও জানতে পারে।’

 

ভালোবাসার কথাটা প্রথম কে বলেছিল? জবাবে মিম বললেন, ‘সনিই দিয়েছিল প্রস্তাবটা। ২০১৬ সালের সেপ্টেম্বর কিংবা অক্টোবরের ১১ তারিখ হবে হয়ত! আসলে তারিখটা নির্দিষ্ট করে মনে নেই। এগুলো ও খুব ভালোভাবে মনে রাখতে পারে।’

 

মিম জানিয়েছেন, বুধবার (১০ নভেম্বর) তার বাগদান হয়েছে।

 

কিন্তু আরও অনেক আগে থেকেই তার হাতের অনামিকা আঙুলে আংটি দেখা গেছে। সেটার রহস্য কী? এ বিষয়ে তিনি বলেন, ‘সম্পর্কের এক বছরের মাথায়ই ও আমাকে এই আংটিটা দিয়েছিল। সেটাই সারাক্ষণ পরে থাকতাম। তবে অফিসিয়ালি গতকালই (১০ নভেম্বর) আংটি বদল করেছি আমরা।’

 

মিম-সনির প্রথম দেখা কবে, কোথায়? এ প্রশ্নটাও রাখা হয় নায়িকার কাছে। জবাবে তিনি বলেন, ‘গ্লোরিয়া জিনস রেস্টুরেন্টে। এটা ২০১৬ সালেই। আমি আসলে তখন খুব নার্ভাস ছিলাম। কারণ প্রথম একটা মানুষের সঙ্গে দেখা করতে যাচ্ছি। তার মধ্যে আবার ভয় ছিল, মা যদি জানে, তাহলে তো খবর আছে! আবার কেউ যদি দেখে ফেলে! সব মিলে অন্যরকম প্রতিক্রিয়া ছিল। তাই বেশিক্ষণ ছিলাম না ওই দিন। অল্প কিছুক্ষণ থাকার পর তাড়াতাড়ি করে আবার বের হয়ে চলে আসি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *