বিনোদন ডেস্ক- ‘আমাকে আমার মতো থাকতে দাও/ আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি’- দুই বাংলাতেই গানটি জনপ্রিয়। গানের শিল্পী, সুরকার, গীতিকার অনুপম রায়।
গানের কথার মতো নিজের মতো থাকবেন এখন থেকে। কারণ ঘর ভেঙেছে তার। টুইট করে বিয়েবিচ্ছেদের কথা জানিয়েছেন অনুপম।
লিখেছেন, আর স্বামী-স্ত্রী নয়, পিয়া চক্রবর্তীর সঙ্গে বন্ধু হিসেবেই থাকবেন তিনি।
অনুপম জানান, পিয়ার সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক মনে রাখার মতো কিন্তু ভাবনা ও মতের মিল না হওয়ায় স্বামী-স্ত্রী হিসেবে তারা আর থাকতে পারছেন না।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, অনুপমের এটি দ্বিতীয় বিয়েবিচ্ছেদ। বিভিন্ন সময় অনুপম ও পিয়াকে যারা সমর্থন জানিয়েছেন, তাদের কৃতজ্ঞতা জানিয়েছেন অনুপম অনুরোধ করেছেন, সেই সমর্থন যেন ভিন্ন দুটি মানুষের জন্য ভবিষ্যতেও থাকে।
টুইটে বিবাববিচ্ছেদের খবর জানানো অবশ্য নতুন কোনও বিষয় নয়। সাম্প্রতিক অতীতে এমনই বিবৃতি দিয়ে নিজেদের আলাদা করে পথে চলার কথা ঘোষণা করেছিলেন, আমির খান এবং কিরণ রাও। আমিরও লিখেছিলেন, বন্ধু এবং সহকর্মী হিসাবে কিরণের সঙ্গে তাঁর সম্পর্ক থাকবে। এই পথে হাঁটলেন অনুপমও।
যদিও বৃহস্পতিবার দুপুরে এই প্রতিবেদন প্রকাশিত হওয়া পর্যন্ত পিয়ার তরফ থেকে কোনও বিবৃতি পাওয়া যায়নি। নেটমাধ্যমে ১৪ অক্টোবর ‘প্রিয়’ লিখে অনুপমকে নিয়ে পিয়া পরিবার এবং বন্ধুদের সঙ্গে ছবি দিয়েছিলেন। সেখানে পুজোর মেজাজেই তাঁদের দু’জনকে দেখা গিয়েছিল।
