নজর২৪ ডেস্ক- সরকার নির্ধারিত বর্ধিত ভাড়ার চেয়েও ৫ টাকা বেশি ভাড়া আদায় করায় নোয়াখালী থেকে ফেনী রুটে চলাচলকারী সুগন্ধা পরিবহনের চালককে তিন হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১০ নভেম্বর) বিকেলে জেলা শহর মাইজদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃত দেব নাথ।
বিআরটিএ নোয়াখালীর মোটরযান পরিদর্শক সালেহ আহাম্মদের প্রসিকিউশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করে সুধারাম মডেল থানা পুলিশ।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃত দেব নাথ বলেন, এক ব্যক্তির অভিযোগে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নোয়াখালী থেকে ফেনী রুটে চলাচলকারী সুগন্ধা পরিবহনের চালককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও সড়ক পরিবহন আইন ২০১৮ এর অধীনে আরও তিনটি পরিবহনকে ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, যাত্রীদের থেকে আদায় করা বাড়তি ভাড়া ফেরত দেওয়া হয়েছে। একই সঙ্গে এ ধরনের অপরাধমূলক কার্যকলাপে না জড়াতে কঠোর নির্দেশনা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
নোয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান বলেন, সম্প্রতি ডিজেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে ডিজেলচালিত গণপরিবহনে সরকার ভাড়া নির্ধারণ করে দিয়েছে। আমরা অভিযোগ পাচ্ছিলাম যে পরিবহনগুলো ডিজেলচালিত না, তারা বেশি ভাড়া আদায় করছে। পাশাপাশি ডিজেলচালিত গণপরিবহনে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় করা হচ্ছে। এমন অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।
ভাড়া বেশি নেওয়ার অভিযোগের প্রমাণ পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
